চট্টগ্রামের চন্দনাইশে জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ জেলা শাখার নির্বাহী সদস্য হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে দলটি। এনসিপি মনে করে, এই হামলা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি দেশের গণতান্ত্রিক রাজনীতির ওপর একটি পরিকল্পিত আঘাত।
রবিবার (১৮ জানুয়ারি) রাতে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৬ জানুয়ারি (শুক্রবার) মধ্যরাতে পটিয়া থেকে চন্দনাইশে ফেরার পথে উপজেলার বদুরপাড়া এলাকায় হাসনাত আব্দুল্লাহ এবং তার সঙ্গে থাকা এনসিপি কর্মী মাঈনুদ্দিন মাহিনের ওপর অতর্কিত হামলা চালায় ১৫ থেকে ২০ জনের একদল সশস্ত্র দুষ্কৃতকারী। হামলাকারীরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহার করে তাদের গুরুতর জখম করে। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, জুলাই আন্দোলনের বীরদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়বে। দলটির দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনারের সই করা বিবৃতিতে অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এদিকে এই হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে গতকাল শনিবার বিকাল থেকে এনসিপির নেতাকর্মীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেন।
এনসিপি নেতারা আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং আন্দোলনের বীরদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।