নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন: এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে শোকজ 

নির্ধারিত সময়ের আগেই নির্বাচনি প্রচারণা শুরু করার অভিযোগে ঢাকা-৮ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (১৮ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সই করা চিঠিতে এই আদেশ দেওয়া হয়। 

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা-৮ আসনের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে নাসীরুদ্দীন পাটওয়ারীর ‘বিশাল আকৃতির রঙিন ছবি’, ‘সংসদ সদস্য প্রার্থী’ এবং ‘গণভোটকে হ্যাঁ বলি’ স্লোগান সংবলিত বড় বড় বিলবোর্ড রিটার্নিং অফিসারের দৃষ্টিগোচর হয়েছে। ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ১৮ বিধি অনুযায়ী, ভোটগ্রহণের তিন সপ্তাহ আগে কোনও ধরনের নির্বাচনি প্রচারণা চালানো নিষিদ্ধ। নাসীরুদ্দীন পাটওয়ারীর এই কার্যক্রম আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে চিঠিতে জানানো হয়। 

রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার মধ্যে সমস্ত বিতর্কিত বিলবোর্ড অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে ১৯ জানুয়ারি সকাল ১১টার মধ্যে প্রার্থীকে নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত জবাব দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। 

উল্লেখ্য, সংশোধিত তফসিল অনুযায়ী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে। প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী প্রচারণা শুরুর আরও চার দিন বাকি থাকতেই প্রার্থীর বড় বড় বিলবোর্ড রাজধানীর কেন্দ্রস্থলে স্থাপিত হওয়ায় নির্বাচন কমিশন এই কঠোর ব্যবস্থা নিলো।