এবারের নির্বাচন হবে ৯১ সালের মতো: নাহিদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০০৮ সালের নির্বাচনের মতো হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার মতে, এবারের নির্বাচন হবে ১৯৯১ সালের মতো।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

এনসিপির আহ্বায়ক বলেন, “জাতীয় নির্বাচন নিয়ে কোনও ধরণের সংশয় দেখছি না। কারও পক্ষ থেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিংযের কোনও পরিকল্পনা থাকলে প্রতিহত করা হবে। আমরা মনে করি, এবারের নির্বাচন ২০০৮ এর মতো নয়, ৯১ সালের মতো হবে।”

নাহিদ বলেন, “প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে গত ২-৩ দিনের ঘটে যাওয়া বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যা আগামী নির্বাচনের পরিবেশ ও সমসাময়িক বিষয়গুলোকে প্রশ্নবিদ্ধ করেছে। যেহেতু তিনি বলে এসেছেন, এবার ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন উপহার দিতে চান। সেই আস্থাটা তারা আমাদেরকে দিতে চেষ্টা করছেন। কিন্তু, আমরা মনে করি সর্বশ্রেষ্ঠ নির্বাচনের জন্য যে ধরণের পরিবেশ দরকার, নির্বাচন কমিশন সে আচরণ করছে না। বরং, তাদের বিভিন্ন কার্যক্রম প্রশ্নবিদ্ধ হচ্ছে।”

তিনি আরও বলেন, “এটি স্পষ্ট যে ইসি একটি দলের চাপে পড়ে নিজেদের অবস্থান ও আইন থেকে সরে এসে একটি ভুল ব্যাখ্যা দিয়ে দ্বৈত নাগরিক ও ঋণখেলাপীদের ছেড়ে দিয়েছে। যা নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করেছে। তাই আমরা এসব বিষয় নিয়ে আদালতে যাবো। অনেকে তথ্য গোপন করেছে। দ্বৈত নাগরিক ও ঋণখেলাপীরা নির্বাচনে অংশ নেক আমরা তা চাই না। আমরা চাই, বিদ্যমান আইন অনুযায়ী যারা বৈধ হবেন, শুধু তারাই নির্বাচন করতে পারবেন।
আগামী সংসদে কোনও ঋণখেলাপীদের দেখতে চাই না।”

গণভোটের পক্ষে প্রচারণা চালানোয় আমাকেসহ কয়েকজনকে শোকজ করেছে কমিশন জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, “আমরা কিন্তু কোনও ভোট চাইনি। শুধু ছবি ব্যবহার করায় ইসি এ পদক্ষেপ নিয়েছে। আমরা মনে করি, এটি করে তারা নিজেরাই গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছেন। এ ধরণের পরিস্থিতি সুষ্ঠু নির্বাচনের বিষয়ে সংশয় সৃষ্টি করে। অথচ, তারেক রহমান দেশে আসার পর থেকেই গুলশানে তার নির্বাচনি এলাকাসহ সারাদেশে তার ছবিতে ছেয়ে গেছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে দোয়া মাহফিল ও কম্বল বিতরণ হচ্ছে, যা নির্বাচনের পরিবেশকে প্রভাবিত করতে পারে।”

তারেক রহমানের প্ল্যান নিয়ে নাহিদ বলেন, “তিনি দেশে ফিরে বলেছেন তার পরিকল্পনা আছে। গণভোটে হ্যাঁ এর বিপক্ষে বা নির্বাচন নিয়ন্ত্রণ তার পরিকল্পনার অংশ কি না তা আমাদের জানা নেই। এমনটি হলে দেশের তরুণ তা মেনে নেবে না।”

ঢাকা-১১ আসনের এই প্রার্থী বলেন, “আপনারা জানেন, নির্বাচন কমিশনের সঙ্গে আমাদেন টানাপোড়েন আগে থেকেই। আমাদের দলীয় প্রতীক নিয়ে কী ধরণের আচরণ করেছে সবই আপনারা জানেন। তারপরও দলীয় বিষয় হওয়ায় আমরা তা মেনে নিয়েছি।”