ঢাকা-৮ আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, একজন প্রার্থীর নির্বাচনি প্রচারণার কারণে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রায় ১০ মিনিট বিলম্বে জোহরের নামাজ শুরু হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এই অভিযোগ তোলেন। যদিও তিনি সরাসরি কারও নাম উল্লেখ করেননি, তবে ওই সময় বায়তুল মোকাররম এলাকায় তার অন্যতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাসের গণসংযোগ চলছিল। ধারণা করা হচ্ছে, মির্জা আব্বাসের প্রচারণাকে কেন্দ্র করেই এই অভিযোগ তুলেছেন পাটওয়ারী।
ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, প্রচারণার সময় স্থানীয় বহু ব্যবসায়ীকে জোরপূর্বক মিছিলে যুক্ত করা হয়। এমনকি মসজিদের গেটে তালা দিয়ে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল বিঘ্নিত করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, সকাল থেকেই রাস্তা অবরোধ করে জনভোগান্তি সৃষ্টি করা হয়েছে, যা কোনওভাবেই কাম্য নয়।
জনসাধারণের অসুবিধার কথা উল্লেখ করে তিনি ভোটারদের উদ্দেশে লেখেন, জনগণের ওপর এই অন্যায় ও অত্যাচারের জবাব আপনারা আগামী ১২ তারিখ ব্যালটের মাধ্যমে দেবেন— এই প্রত্যাশা রাখি।
উল্লেখ্য, ঢাকা-৮ আসনে নির্বাচনী লড়াই জমে উঠেছে। প্রধান রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের পাল্টাপাল্টি প্রচারণা ও অভিযোগে নির্বাচনি মাঠে উত্তাপ বাড়ছে। তবে নামাজে বিলম্ব বা গেটে তালা দেওয়ার অভিযোগের বিষয়ে বিএনপি বা মির্জা আব্বাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।