দেশজুড়ে চাঁদাবাজি ঠেকাতে ‘চাঁন্দাবাজ’ নামে একটি ওয়েবসাইট চালু করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকাল থেকে ওয়েবসাইটটি চালু হয়েছে। ব্যবহারকারীরা chandabaaj.com ঠিকানায় প্রবেশ করে সরাসরি এটি ব্যবহার করতে পারবেন।
এনসিপির মিডিয়া উইং জানায়, ওয়েবসাইটটিতে ইতোমধ্যে সারাদেশ থেকে আটটি প্রতিবেদন জমা পড়েছে। এসব অভিযোগ যাচাই-বাছাই করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আপনার এলাকায় চাঁদাবাজির কোনও ঘটনা ঘটলে দেরি না করে উপযুক্ত তথ্য-প্রমাণসহ তাৎক্ষণিকভাবে রিপোর্ট করুন। এতে অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সহজ হবে।”
তিনি আরও বলেন, আমরা যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই, সেখানে চাঁদাবাজদের কোনও ঠাঁই নেই।