বিএনপি সরকার গঠনের পর দেশে নারী নিপীড়ন ও ধর্ষণ বেড়েছে: নাহিদ ইসলাম

বিএনপি সরকার গঠনের পর সারা দেশে নারী নির্যাতন ও ধর্ষণ বেড়েছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।  

শুক্রবার (৬ মার্চ)  রাজধানী উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে এনসিপির ঢাকা সাংগঠনিক বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।  

নাহিদ ইসলাম বলেন, “শাপলা কলিতে ভোট দেওয়ায় নোয়াখালীর হাতিয়ায় নারীকে ধর্ষণ করা হয়েছে। সারা দেশে নারী নিপীড়ন, শিশু ধর্ষণ অব্যাহত আছে। এতকিছুর পরও সুশীল সমাজ, নারী অধিকার কর্মীরা চুপ আছে।” সবাই চুপ থাকলেও জাতীয় নাগরিক পার্টি চুপ করে থাকবে না উল্লেখ করে তিনি বলেন, “মানুষের অধিকার নিশ্চিতে এনসিপি সব সময় সরব থাকবে।”   

রাষ্ট্রপতি প্রসঙ্গে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, “বর্তমান রাষ্ট্রপতি আগে জয় বাংলা বলে বক্তব্য শেষ করতেন, এখন জিন্দাবাদ বলে বক্তব্য শেষ করছেন। গোটা দেশ এভাবে চলছে। শুধু জয় বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ হয়েছে। শুধু একটা দলের জায়গা আরেকটি দল বসেছে। মানুষের ভাগ্যের কোনও পরিবর্তন ঘটেনি।”  

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ কেন্দ্রীয় ও ঢাকা বিভাগীয় নেতারা।