ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতির বক্তব্যের প্রতিবাদে আমরা ওয়াক আউট করেছি: নাহিদ

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি বক্তব্য দেওয়ার প্রতিবাদস্বরূপ আমরা সেখান (সংসদ) থেকে ওয়াক আউট করেছি। 

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন থেকে বের হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

নাহিদ ইসলাম বলেন, আজকে জাতীয় সংসদের প্রথম অধিবেশন ছিল। সেই অধিবেশন উপলক্ষেই আমরা সরকারি দল-বিরোধী দল অংশগ্রহণ করেছিলাম সংসদের কার্যক্রমে। আমরা কার্যক্রমের শুরু থেকেই নিয়মতান্ত্রিকভাবে সবগুলো অংশে অংশগ্রহণ করেছি, আমাদের বক্তব্য রেখেছি।

তিনি বলেন, আমরা স্পিকারের কাছে বলেছিলাম, ফ্যাসিবাদের দোসর, এমন কেউ এই সংসদে বক্তব্য দিতে পারবে না। কারণ এই সংসদ হচ্ছে ফ্যাসিবাদমুক্ত সংসদ। হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই সংসদ পেয়েছি। সরকারি দল বা বিরোধী দল, যারাই এখানে নির্বাচিত হয়েছেন; তারা নির্বাচিত হতে পেরেছেন জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে, ফ্যাসিবাদকে বিতারিত করার মাধ্যমে। ফলে ফ্যাসিস্টের সঙ্গে জড়িত কেউ এই পার্লামেন্টে বক্তব্য দিতে পারবেন না।

এ সময় সংসদ থেকে বের হয়ে যাওয়ার কারণ জানিয়ে নাহিদ বলেন, যখন ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি বক্তব্য দিতে এসেছেন, আমরা স্পিকারের কাছে বারবার আহ্বান করেছিলাম আমাদের এই বিষয়ে বক্তব্য রয়েছে, বিরোধীদলীয় নেতা সেটা উপস্থাপন করবেন। কিন্তু সেই সময়টা আমাদের দেওয়া হয় নাই, আমাদের কোনও ফ্লোর দেওয়া হয় নাই। এর প্রতিবাদস্বরূপ আমরা সেখান থেকে ওয়াক আউট করেছি।