পদত্যাগ করলেন মহাসচিব, বিলুপ্তির পথে এনডিএম

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) থেকে পদত্যাগ করেছেন দলটির মহাসচিব মোমিনুল আমিন। রবিবার (৫ এপ্রিল) রাতে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

মোমিনুল আমিন বলেন, “দলীয় গঠনতন্ত্র অনুযায়ী বর্তমানে কোনও চেয়ারম্যান না থাকায় তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে তার এই সিদ্ধান্তের কথা জানাবেন।”
 
উল্লেখ্য, ২০১৭ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করা এনডিএম’র প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন মোমিনুল আমিন। দলের নিবন্ধন কার্যক্রম থেকে শুরু করে সব আন্দোলন-সংগ্রাম, নির্বাচন কমিশনের সংলাপ, জাতীয় ঐকমত্য কমিশন, টেলিভিশন টক-শো, সভা-সেমিনারে এনডিএমের হয়ে নেতৃত্বের ভূমিকায় ছিলেন তিনি। তার এই পদত্যাগের মধ্য দিয়ে নিবন্ধিত এই রাজনৈতিক দলটির চেয়ারম্যান এবং মহাসচিব পদ বর্তমানে শূন্য আছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলের চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি নিয়ে বিএনপিতে যোগ দেন ববি হাজ্জাজ। ঢাকা-১৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে এমপি নির্বাচিত হন তিনি। পরবর্তীতে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার তাকে প্রথমে শিক্ষা প্রতিমন্ত্রী এবং পরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়।

মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগের মধ্য দিয়ে কার্যত বিলুপ্ত হওয়ার পথে এনডিএম।