রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসার আবাসিক হলে প্রবেশ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
বুধবার (৫ আগস্ট) সকালে হলে প্রবেশ করতে গেলে বকশীবাজার মোড়ে পুলিশ সদস্যরা তাদের আটকে দেন বলে অভিযোগ করেন তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, মাদ্রাসা কর্তৃপক্ষ ও পুলিশ তাদের হলে প্রবেশের অনুমতি দিচ্ছে না। তাদের দাবি, মঙ্গলবার থেকে তারা হলের বাইরে অবস্থান করছেন। আগামীকাল বৃহস্পতিবার (৬ জুলাই) অনেকের পরীক্ষা থাকায় হলে অবস্থান করা জরুরি। কিন্তু সেখানে প্রবেশ করতে না পারায় তারা উদ্বেগে রয়েছেন।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে আলিয়া মাদ্রাসার সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ইসলামী ছাত্রশিবির। দু’দলের নেতাকর্মীদের মধ্যে বেশ কিছুক্ষণ ইট-পাটকেল নিক্ষেপ এবং দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া চলে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।
এর আগে সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে সংঘর্ষ হয়। এরপর থেকেই আলিয়া মাদ্রাসায় উত্তেজনা বিরাজ করছিল।