সংকট কাটাতে ভারত থেকে জ্বালানি? নুর বললেন, ‘সার্বভৌমত্ব বিকিয়ে নয়’

বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যে একটি এলএনজি টার্মিনালে দুর্ঘটনা ঘটেছে। এর ফলে গ্যাস সরবরাহ কমে গেছে। পাশাপাশি দীর্ঘদিনের অনিয়ম, লুটপাট ও ভুল নীতির কারণে দেশে গ্যাস অনুসন্ধানও যথাযথভাবে হয়নি।

সরকার নিজস্ব গ্যাস অনুসন্ধানে বরাদ্দ বাড়িয়েছে জানিয়ে তিনি বলেন, গ্যাস অনুসন্ধান করলেই এক মাসের মধ্যে তা উত্তোলন করা সম্ভব নয়। কূপের সন্ধান পাওয়ার পর তা আহরণে কারিগরি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগে।

তিনি বলেন, ভারত থেকে পাইপলাইনে জ্বালানি এনে দ্রুত সময়ে এই সমস্যা সমাধান করা যায়। কিন্তু তাই বলে ভারতের কাছে তো আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিকিয়ে দিতে পারি না। প্রধানমন্ত্রী সেটা করেননি।

বিদেশ যেতে প্রশিক্ষণের পরামর্শ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে দেশের বিভিন্ন জেলা, বিভাগীয় শহর ও উপজেলায় ১১০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে জানিয়ে নুর বলেন, এসব কেন্দ্রে বিভিন্ন ভাষা ও ট্রেডভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

শিক্ষিত ও বেকার তরুণদের বিদেশ যাওয়ার আগে এসব প্রশিক্ষণ কেন্দ্র থেকে ভাষা ও কারিগরি শিক্ষা নেওয়ার পরামর্শ দেন তিনি। এর মাধ্যমে বিদেশে ভালো কর্মসংস্থানের পাশাপাশি ব্যাংক সহায়তা পাওয়ার সুযোগও সহজ হবে বলে জানান তিনি।

জামায়াত-শিবিরও উগ্রবাদী সংগঠন

কবি নজরুল সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী ও গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্র অধিকার পরিষদ প্রকাশ্যে থেকে নেতৃত্ব দিয়েছে। সংগঠনটি কখনও পরিচয় গোপন করে আন্দোলন করেনি।

কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার প্রসঙ্গ তুলে তিনি জামায়াত-শিবিরের সমালোচনা করেন।

আবু হানিফ বলেন, আমার আশঙ্কা হয়, এই আওয়ামী লীগ যেমন একটি উগ্রবাদী সংগঠন, তেমনি জামায়াত-শিবিরও একটি উগ্রবাদী সংগঠন।

তিনি বলেন, আপনারা যখন মজলুম ছিলেন, তখন আমরা আপনাদের পক্ষে কথা বলেছি। আপনারা গণঅভ্যুত্থানের পরে ইউনূস সরকারের পৃষ্ঠপোষকতা পেয়ে জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।

ক্যাম্পাসে ‘পেশিশক্তির রাজনীতি বন্ধের ঘোষণা

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান বলেন, যারা পেশিশক্তি প্রদর্শন করে ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টি করতে চায় কিংবা শিক্ষার পরিবেশ নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থান-পূর্ববর্তী যে রাজনীতি ছিল, ঘন ঘন গেস্টরুমে নির্যাতন—সেই রাজনীতি আর ক্যাম্পাসগুলোতে আমরা ফিরে আসতে দেবো না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাক, আমজনতা পার্টির সাধারণ সম্পাদক তারেক রহমান, ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লাসহ সংগঠনের নেতাকর্মীরা।