বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের ৭ম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা ও স্মরণ সভার আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয়তাবাদী ছাত্রদলসহ বিভিন্ন সংগঠন।
এর মধ্যে বুধবার (৭ অক্টোবর) বিকাল ৩টায় পুরান ঢাকার পলাশী এলাকায় আগ্রাসনবিরোধী আট স্তম্ভের পাদদেশে স্মরণসভায় অংশ নেবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা।
অপরদিকে একই সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকেও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নিচতলায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে ‘বিএনপি সরকারের পররাষ্ট্রনীতি: আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য; এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখণ্ডতা সুরক্ষার অঙ্গীকার’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখবেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং শিক্ষাবিদরা।
গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এমনটি জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।