এনসিপি পুরোপুরি জামায়াতের পেটে ঢুকে গেছে: আবু হানিফ

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি পুরোপুরি জামায়াতের পেটে ঢুকে গেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

আবু হানিফ তার পোস্টে লিখেছেন, ‘‘শুধু জামায়াতের বিরোধিতা করার কারণে আজকে সামান্তা শারমিন ও নাহিদা সারওয়ার নিভাকে এনসিপির নীতিনির্ধারণী ফোরাম থেকে বাদ দিয়ে দিলো। এই দুই নারীনেত্রীকে বাদ দিয়ে এনসিপি প্রমাণ করলো—তারা এখন পুরোপুরি জামায়াতের পেটে ঢুকে গেছে।’’

পোস্টে তিনি বলেন, ‘‘এনসিপি গঠনের পর থেকেই মানুষের একটা ধারণা ছিল যে, এটা জামায়াত নিয়ন্ত্রিত একটি সংগঠন। নির্বাচনের সময় মানুষের ধারণা বাস্তবে প্রমাণ হয়। জামায়াতের সাথে জোটের বিষয়ে সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল এনসিপির নীতিনির্ধারণী ফোরামের দুই সদস্য।’’

তিনি আরও বলেন, ‘‘এই দুই নারীর জুলাই গণঅভ্যুত্থানে অনেক ভূমিকা ছিল, শুধু জুলাই গণঅভ্যুত্থানে নয়, বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনেও এরা সামনে ছিল। শুধু জামায়াতের বিরোধিতা করার কারণে আজকে তাদেরকে বাদ দেওয়া হলো। কেননা, এখন আর এনসিপির নীতিনির্ধারণী ফোরামে জামায়াতের বিরোধিতা করার মতো আর কেউ নাই। ফলে এখন থেকে জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে এনসিপি আগের চেয়ে আরও বেশি ভূমিকা পালন করতে পারবে।’’