ভারত যে অন্যায়কারী, তা বিশ্ববাসীকে বুঝিয়ে দেবো: মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা পারি আমাদের পানির ন্যায্য হিস্যা আদায় করতে। তবে ভারত যে অন্যায়কারী, তা বিশ্ববাসীকে বুঝিয়ে দেবো। আমরা মনে করি অন্যায়কারী কখনও জয়যুক্ত হতে পারে না।

সোমবার (১৬ নভেম্বর) বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, গোপালগঞ্জে তাণ্ডব নিয়ে যারা মনে করছেন সবকিছু উল্টে যাচ্ছে, আগামী দু’এক মাসের মধ্যে তা চোখে আঙুল দিয়ে দেখানো যাবে। পুরো দেশ একসঙ্গে থাকতে হবে। এই সময়ে পুরো জাতির ঐক্য দরকার।

সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ভারত এ পর্যন্ত আমাদের পানির ন্যায্য হিস্যা দেয়নি।আগামী ১২ ডিসেম্বর চুক্তির মেয়াদ শেষ হবে। এখন পর্যন্ত এটা নিয়ে কোনও উদ্যোগ দেখা যায়নি। পরিষ্কার বলতে চাই, বাংলাদেশের পানির অধিকার ভারতের কোনও দয়া নয়। বাণিজ্যিক ভারসাম্যের সীমাহীন ঘাটতির সংকট সমাধান না করে, সীমান্ত হত্যা বন্ধের চূড়ান্ত সমাধান না করে আমরা অনেক কিছু তাদের হাতে তুলে দিয়েছি। তিনি বলেন, ভারতের সঙ্গে অনেকগুলো চুক্তি থেকে বাংলাদেশের সরে আসা দরকার।