ক্ষমতা-কাঠামোর পরিবর্তন ও গণভোটের রায় বাস্তবায়ন চায় জেএসডি

ফ্যাসিবাদ মোকাবিলায় রাষ্ট্রের পুরোনো ক্ষমতা-কাঠামোর পরিবর্তন এবং জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে ফ্যাসিবাদ মোকাবিলায় জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত সমাবেশে তারা এ দাবি জানায়। 

দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন সমাবেশে বলেন, ফ্যাসিবাদবিরোধী সংগ্রামকে নতুন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত করতে হবে। ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধ করতে হলে শুধু ক্ষমতার পালাবদল যথেষ্ট নয়; রাষ্ট্রের পুরোনো ক্ষমতা-কাঠামোর পরিবর্তন এবং রাষ্ট্র পরিচালনায় জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

তিনি রাজনৈতিক সহিংসতা বন্ধ, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবী জনগণের ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানান।

শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, রাজনৈতিক সহিংসতা, প্রতিহিংসা, দখলদারিত্ব ও ভয়ভীতির রাজনীতি বন্ধ করতে হবে। গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার জন্য সব রাজনৈতিক পক্ষকে সংযম, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণ করতে হবে। জনগণের নিরাপত্তা ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সহিংসতা ও সংঘাতের রাজনীতি কোনোভাবেই রাষ্ট্র রূপান্তরের আকাঙ্ক্ষাকে বাধাগ্রস্ত করতে পারে না।

সমাবেশে জেএসডির স্থায়ী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া বলেন, জুলাই গণ-অভ্যুত্থান রাষ্ট্র রূপান্তরের যে ঐতিহাসিক সম্ভাবনা উন্মোচন করেছে, তাকে বাস্তবে রূপ দিতে হলে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন জরুরি।

স্থায়ী কমিটির সদস্য এড কে এম জাবির বলেন, ফ্যাসিবাদবিরোধী প্রতিরোধকে রাষ্ট্র রূপান্তরের বৃহত্তর গণতান্ত্রিক সংগ্রামের সঙ্গে সংযুক্ত করাই বর্তমান সময়ের রাজনৈতিক কর্তব্য। এই সংগ্রাম হতে হবে।

জেএসডি ঢাকা মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামালের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক এস এম সামছুল আলম নিক্সন, শ্রমিক নেতা এম এ আউয়াল, দফতর সম্পাদক কামরুল আহসান অপু, যুব বাঙালির কেন্দ্রীয় নেতা আমান উল্ল্যা অয়ন সুমন খান, সৈয়দ ওমর ফারুক সেলিম প্রমুখ।