ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ফল সেমিস্টার-২০২২-এর নবাগত শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। শনিবার (৮ অক্টোবর) ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে ছিল এই আয়োজন। সোমবার (১০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডুন অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ডাটা অ্যান্ড অ্যানালাইসিস প্রাইভেট লিমিটেডের সিইও জারা মাহবুব। ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে জারা মাহবুব নিজের জীবনে যে প্রতিকূলতার মুখোমুখি হয়েছিলেন, তা কীভাবে মোকাবিলা করেছিলেন এবং সেখান থেকে কী কী শিখেছিলেন সে সম্পর্কে আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের বলেন, ‘তোমরা যদি এখনও কোনও গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সুযোগ না পেয়ে থাকো তাহলে ধরে নিতে হবে তোমাদের প্রকৃত জীবন এখনও শুরুই হয়নি।’