এপেক্স গলফ টুর্নামেন্ট-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) ঢাকা সেনানিবাসের আর্মি গলফ ক্লাবে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি থেকে টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
রবিবার (২৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি সবার উদ্দেশে বক্তব্য দেন। এ ধরনের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন এবং আয়োজনের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান সেনাপ্রধান।
টুর্নামেন্টে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল জলিল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এ ছাড়া ভেটেরান বিভাগে ব্রিগেডিয়ার জেনারেল আবেদুর রেজা খান (অব.), সিনিয়র বিভাগে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ-আল-আজহার (অব.), লেডিস বিভাগে মিসেস নাসরিন আক্তার এবং জুনিয়র বিভাগে মাস্টার মোহাম্মদ আরিব রহমান বিজয়ী হয়েছেন। টুর্নামেন্টে সর্বমোট ৮৩৬ জন গলফার অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, কার্যনির্বাহী কমিটির সদস্যরা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাসহ খেলোয়াড়রা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া এপেক্স ফুটওয়্যার লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরোজ মোহাম্মদ এবং হেড অব মার্কেটিং রায়হান কবিরসহ অন্য কর্মকর্তারা। টুর্নামেন্টটি আর্মি গলফ ক্লাবের ইতিহাসে একটি নতুন মাইলফলক স্থাপন করেছে, যেখানে ৮৩৬ জন গলফার অংশগ্রহণ করেছেন— এটি ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ। এই অভূতপূর্ব অংশগ্রহণ টুর্নামেন্টটির জনপ্রিয়তা এবং সফল ব্যবস্থাপনার উজ্জ্বল প্রতিচ্ছবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এপেক্স ফুটওয়্যার লিমিটেড এই টুর্নামেন্ট আয়োজন করতে পেরে অত্যন্ত আনন্দিত। তারা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের সঙ্গে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। এপেক্স বিশ্বাস করে, এই ধরনের আয়োজন শুধু খেলাধুলার প্রসারেই নয়, বরং বন্ধুত্ব, সম্প্রীতি এবং সমাজের সঙ্গে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।