বিকাশে ক্যাশ আউট খরচ কমলো, প্রিয় এজেন্টে হাজারে চার্জ কত টাকা

গ্রাহকের ক্যাশ আউটের খরচ আরও সাশ্রয়ী করতে আবারও চার্জ কমালো মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। এখন থেকে দুটি প্রিয় এজেন্ট নম্বরে মাসে ৫০ হাজার টাকা পর্যন্ত হাজারে ১৩ টাকা ৯৫ পয়সা খরচে ক্যাশ আউট করতে পারছেন গ্রাহকরা। বরাবরের মতোই এই চার্জের মধ্যে ভ্যাটসহ সব খরচ অন্তর্ভুক্ত থাকবে, আর কোনও বাড়তি ব্যয় করতে হবে না গ্রাহককে।

 এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দেশের যেকোনও প্রান্ত থেকে বিকাশের ৮ কোটি ৪০ লাখ গ্রাহকের দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সাশ্রয়ী করবে এই উদ্যোগ। সারা দেশে ছড়িয়ে থাকা ৩৫০ হাজারেরও বেশি বিকাশ এজেন্ট থেকে ক্যালেন্ডার মাস অনুযায়ী নিজের সুবিধামতো দুই জন বিকাশ এজেন্টকে ‘প্রিয় এজেন্ট’ হিসেবে যোগ করে নিতে পারবেন গ্রাহক। ক্যালেন্ডার মাস শেষ হলে প্রয়োজনমতো ‘প্রিয় এজেন্ট’ নম্বর পরিবর্তনও করে নিতে পারবেন তিনি।

‘প্রিয় এজেন্ট’ নম্বর সংযুক্ত করতে গ্রাহককে বিকাশ অ্যাপের হোমস্ক্রিনের ক্যাশ আউট আইকন ক্লিক করে প্রিয় এজেন্ট মেন্যু থেকে পরবর্তী ধাপগুলো অনুসরণ করতে হবে। অন্যদিকে, *২৪৭# ডায়াল করে ‘মাই বিকাশ’ মেন্যু থেকে ‘প্রিয় নম্বর’ মেন্যু নির্বাচন করে ‘প্রিয় এজেন্ট’ নম্বর যুক্ত করে নেওয়ার সুযোগও থাকছে। কম খরচে ক্যাশ আউট করার মাসিক হিসাব গ্রাহক তার বিকাশ অ্যাপের লিমিট অপশন থেকে জেনে নিতে পারবেন যেকোনও সময়।

উল্লেখ্য, প্রতি মাসে ৫০ হাজার টাকার চেয়ে বেশি এবং ‘প্রিয় এজেন্ট’ ছাড়া অন্য এজেন্ট থেকে ক্যাশ আউটের ক্ষেত্রে হাজারে ১৮ টাকা ৫০ পয়সা চার্জ প্রযোজ্য হবে।