দায়িত্বশীল গবেষণা ও প্রকাশনা নিয়ে ইউল্যাবে জাতীয় গোলটেবিল আলোচনা

ইউল্যাবের ইংরেজি ও মানবিক বিভাগ আগামী ১ অক্টোবর (বৃহস্পতিবার) “হিউম্যানিটিজে দায়িত্বশীল গবেষণা ও প্রকাশনা” (Responsible Research and Publication in the Humanities) শীর্ষক এক জাতীয় গোলটেবিল আলোচনার আয়োজন করতে যাচ্ছে। ইউল্যাব ক্যাম্পাসে সকাল ১০ থেকে দুপুর ১২টা পর্যন্ত এই গোলটেবিল বৈঠকটি অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানটি উদ্বোধন করবেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা। গোলটেবিল বৈঠকের আহ্বায়ক ও সঞ্চালক হিসেবে থাকবেন ইউল্যাবের ইংরেজি ও মানবিক বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু সালেহ মোহাম্মদ রাফি।

এই গোলটেবিল আলোচনা এমন একটি সময়ে আয়োজিত হচ্ছে, যখন বাংলাদেশে গবেষণার পরিধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষকরা নিজেদের অবস্থান তৈরি করার চেষ্টা করছে। ফলে গবেষণার এই চর্চা ও প্রসারের সাথে সাথে প্রকাশিত গবেষণাকর্মের
মান ও সততা, দায়িত্বশীল প্রকাশনা পদ্ধতি, অ্যাকাডেমিক মেন্টরশিপ বা দিকনির্দেশনা, প্রকাশনার প্রাতিষ্ঠানিক প্রণোদনা এবং নতুন গবেষকদের সহায়তার মতো বিষয়গুলো আবারও জোরালোভাবে সামনে এসেছে। বিশেষ করে হিউম্যানিটিজ বা মানবিক শাখার ক্ষেত্রে এই বিষয়গুলো অত্যন্ত
প্রাসঙ্গিক, যেখানে গবেষকদের প্রকাশনা সংশ্লিষ্ট বিভিন্ন জটিলতা, যেমন উপযুক্ত জার্নাল নির্বাচন, পিয়ার-রিভিউয়ের মানদণ্ড, লেখকসত্ত্ব ও সাইটেশন নীতি, জেনারেটিভ এআই-এর ক্রমবর্ধমান ব্যবহার এবং গবেষণা মূল্যায়নের পরিবর্তিত পদ্ধতিসমূহের সাথে মানিয়ে চলতে হয়।

এই প্রেক্ষাপটে গোলটেবিল বৈঠকটি গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে শিক্ষক, গবেষক ও একাডেমিক নেতৃবৃন্দের মধ্যে একটি গঠনমূলক সংলাপের সুযোগ তৈরি করবে। একইসঙ্গে গবেষণাকর্মে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলো
কীভাবে এই ক্ষেত্রে কার্যকরি ও সচেতন পদক্ষেপ নিতে পারে, সে বিষয়েও আলোচনা হবে।

আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শায়লা সুলতানা; শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম; ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর অধ্যাপক ড. সরকার হাসান আল জায়েদ; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফারজানা ইয়াসমিন চৌধুরী; ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. কামরুল হাসান চৌধুরী; নর্থ সাউথ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. নাজিয়া মনজুর; এবং ইউল্যাবের অফিস অব ফ্যাকাল্টি রিসার্চ-এর পরিচালক অধ্যাপক ড. আনোয়ার হক জোয়ারদার।

এই গোলটেবিল বৈঠকটি একটা নিছক আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে বাংলাদেশে দায়িত্বশীল গবেষণা-সংস্কৃতি নিয়ে একটি বৃহত্তর জাতীয় সংলাপের সূচনা করতে চায়। একাডেমিক উৎকর্ষ ও গবেষণার সামগ্রিক মানোন্নয়নের বিষয়ে ইউল্যাবের অঙ্গীকারের অংশ হিসেবে আয়োজিত এই
উদ্যোগ এদেশের গবেষণা ও প্রকাশনার ভবিষ্যৎ নিয়ে গবেষক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আরও বিস্তৃত সংলাপের ক্ষেত্র তৈরি করবে।