বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ঢাকায় ‘হিয়ার দ্য ভয়েস, হিল দ্য প্রোগ্রাম’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইনার হুইল ক্লাব অব ঢাকা স্পন্দনের উদ্যোগে এবং ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫-এর ২১টি ক্লাবের সহযোগিতায় এ আয়োজন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশ তাহেরা এস. ওয়াহিদ। আলোচক হিসেবে বক্তব্য দেন ডা. তাওহিদা রহমান ইরিন ও কনসালট্যান্ট সাইকোলজিস্ট সাদিয়া সুলতানা।
অনুষ্ঠানে ডা. তাওহিদা রহমান ইরিন হলিস্টিক ওয়েলনেসের মাধ্যমে মানসিক সুস্থতা বজায় রাখার উপায় নিয়ে আলোচনা করেন। অন্যদিকে, সাদিয়া সুলতানা মানসিক স্বাস্থ্য সুরক্ষা, মানসিক সুস্থতার গুরুত্ব এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও আলোচকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে প্রধান অতিথি তাহেরা এস. ওয়াহিদ আলোচক ডা. তাওহিদা রহমান ইরিন ও সাদিয়া সুলতানার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে পিএনআর শারমিন হোসেন সমাপনী বক্তব্যে কৃতজ্ঞতা ও সদয় আচরণের চর্চার গুরুত্ব তুলে ধরেন। এ সময় ভাইস চেয়ারম্যান-২ মাহমুদা আপনসহ সংশ্লিষ্ট ক্লাবগুলোর প্রেসিডেন্ট ও সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, মানুষের কথা মনোযোগ দিয়ে শোনা এবং হলিস্টিক ওয়েলনেসের মাধ্যমে মানসিক সুস্থতা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।