বাংলাদেশের ওয়েলনেস ও সুস্থ দীর্ঘায়ু খাত উন্নয়নের লক্ষ্যে থাইল্যান্ডের জেনেসেন গ্রুপ অংশীদারত্বের কথা জানিয়েছে বাংলাদেশের রিজুভা ওয়েলনেস। বুধবার (২৫ নভেম্বর) আদাবর শাখায় আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। একই অনুষ্ঠানে শাখাটিতে জেনেসেন কর্নার উদ্বোধন করা হয়।
এর আগে থাইল্যান্ডের ব্যাংককে এই দুই প্রতিষ্ঠানের একটি সমঝোতা স্মারক সইয়ের ভিত্তিতে এই সহযোগিতা গড়ে উঠেছে। রিজুভা ওয়েলনেস জানিয়েছে, এর মাধ্যমে থাই বিশেষজ্ঞদের অভিজ্ঞতার সঙ্গে বাংলাদেশের স্থানীয় চাহিদা ও পেশাগত দক্ষতার সমন্বয় ঘটানোর পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে স্বাস্থ্যশিক্ষা, পেশাগত জ্ঞান বিনিময় এবং দায়িত্বশীল স্বাস্থ্যচর্চার মানোন্নয়নে গুরুত্ব দেওয়া হবে।
জেনেসেন গ্রুপ-এর আন্তর্জাতিক সম্পর্ক পরিচালক ডা. এ কে এম শাহরিয়ার ধাপে ধাপে সহযোগিতা গড়ে তোলার রূপরেখা তুলে ধরেন। রিজুভা ওয়েলনেস-এর প্রতিষ্ঠাতা ডা. তৌহিদা রহমান ইরিন নারী, পরিবার ও কমিউনিটির জন্য সহজবোধ্য স্বাস্থ্যশিক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. বি এ সাদিক স্থানীয় সক্ষমতা বৃদ্ধি এবং স্বাস্থ্যচর্চার অভিন্ন মান উন্নয়নে এই অংশীদারত্বের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও মূল বক্তা, জেনেসেন গ্রুপ-এর প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. ওহম সুধচুমফে, প্রতিরোধমূলক স্বাস্থ্যচর্চা ও ব্যক্তিভিত্তিক স্বাস্থ্য পরিকল্পনায় প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
অংশীদার প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, ভবিষ্যৎ কার্যক্রম ধাপে ধাপে পরিকল্পনা করা হবে। কোনো চিকিৎসাসেবা চালুর আগে পৃথক পেশাগত পর্যালোচনা এবং প্রযোজ্য অনুমোদন প্রয়োজন হবে।