ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার গায়ানায় টস জিতে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। যেখানে ২৭ রানে ৬ উইকেট নিয়ে প্রোটিয়াদের ১৮৮ রানেই বেধে ফেলেন স্পিনার সুনিল নারাইন। তবে প্রোটিয়াদের শুরুটা ছিল ভালো। হাশিম আমলা ও কুইন্টন ডি কক দলকে এনে দেন পঞ্চাশ ছাড়ানো উদ্বোধনী জুটি।
তবে বেশিক্ষণ টিকতে পারেননি তারা। কার্লোস ব্রাথওয়েটের বল পুল করতে গিয়ে কক (৩০) বোল্ড হলে ভাঙে ৫২ রানের এই জুটি। এরপরেই আমলাকে (২০) বিভ্রান্ত করেন নারাইন।
তৃতীয় উইকেটে রুশো ও এবি ডি ভিলিয়ার্স জুটিতে ধাক্কা সামাল দেয় দক্ষিণ আফ্রিকা। ৭৮ রানের এই জুটি ভাঙে ডি ভিলিয়ার্সের (৩১) বিদায়ে। নিজের বলে ফিরতি ক্যাচ নেন জেরোম টেইলর। এরপরেই ধীরে ধীরে পাল্টাতে থাকে তাদের ব্যাটিং চিত্র।
২৮ রানে দক্ষিণ আফ্রিকা হারায় শেষ ৭ উইকেট। যার ৫টিই নেন নারাইন।
শেষ পর্যন্ত ৪৬.৫ ওভারে ১৮৮ রানেই অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
জবাবে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ উইকেট হারাতে থাকলেও পোলার্ডের ব্যাটেই জয় পায় ক্যারিবীয়রা। তাদের জয় নিশ্চিত হয় ৪৮.১ ওভারে। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। পোলার্ড ৬৭ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক হোল্ডার অপরাজিত থাকেন ১০ রানে।
প্রোটিয়াদের পক্ষে তিনটি উইকেট নেন ফ্যাঙ্গিসো আর দুটি নেন ইমরান তাহির। ম্যাচ সেরা হন ক্যারিবীয় স্পিনার নারাইন।
/এফআইআর/