ওয়ানডে নেতৃত্ব হারাচ্ছেন আজহার

ওয়ানডে নেতৃত্ব হারাচ্ছেন আজহার আজহার আলীকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাকে সরিয়ে টি-টোয়েন্টি অধিনায়ক সরফরাজ আহমেদকেই ওয়ানডে অধিনায়ক করার চিন্তা করছে সংস্থাটি।

গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারের পর অস্ট্রেলিয়ার কাছেও একই ব্যবধানে হার। আজহার আলীর নেতৃত্বে পাকিস্তানের এমন বেহাল দশা কোনও ভাবেই মেনে নিতে পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগের ব্যর্থতায় একভাবে ঘোষণাই দেওয়া হয়েছিল আজহারকে আর অধিনায়ক হিসেবে চাইছে না পিসিবি। তাই এবার অসিদের বিপক্ষে ব্যর্থতায় আজহারকে সরিয়ে দেওয়ার জোর ভিত্তি পেলো টিম ম্যানেজমেন্ট!

সেক্ষেত্রে টি-টোয়েন্টি অধিনায়ক সরফরাজ আহমেদকেই ওয়ানডে অধিনায়ক করার চিন্তা করছে পিসিবি। অবশ্য পিসিবি বেশ আগে থেকেই সব ফরম্যাটে এক অধিনায়ক তত্ত্বে এগিয়ে যেতে চাইছে। তবে এর পূর্ণাঙ্গ রূপ দেখতে হলে মিসবাহর ভবিষ্যত পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। তার সরে যাওয়ার পরই এ নিয়ে পুরোপুরি ভাববে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

আজহারের অধীনে ১০টি দ্বি-পাক্ষিক সিরিজের মধ্যে মাত্র ৫টিতে জিতেছে পাকিস্তান। যেখানে দুটি ছিল জিম্বাবুয়ে, একটি আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এখানে মোট ম্যাচে ১২টিতে জয় আর ১৮ ম্যাচে হারের লজ্জা পায় পাকিস্তান।

এই অবস্থাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ ওয়ানডে চলাকালীন সময়েই আলোচনায় বসে পিসিবি। লাহোরে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান, নির্বাচক প্রধান ইনজামাম উল হক ও ন্যাশনাল একাডেমির হেড কোচ মুশতাক আহমেদ ছিলেন এই সভায়। সেখানেই সিদ্ধান্ত হয় আজহারের জায়গায় সরফরাজই হচ্ছেন ওয়ানডে অধিনায়ক। তবে মিসবাহ উল হকের অবসর পর্যন্ত এ নিয়ে অপেক্ষায় থাকবে ম্যানেজমেন্ট। কারণ সব ফরম্যাটে তাকেই নেতৃত্ব ভার দিতে চাইছে পিসিবি। যদিও টেস্টে আজহারই ছিলেন মিসবাহর ডেপুটি। সেক্ষেত্রে টেস্টেও অধিনায়ক হিসেবে আজহারকে না রাখার পক্ষেই রয়েছে ম্যানেজমেন্ট!

/এফআইআর/