মাঠেই নিজেকে প্রমাণ করে চলেছেন মেসি



আপাতত সাফল্যের মধ্য গগনে রয়েছেন লিওনেল মেসি

বুড়িয়ে যাচ্ছেন, গোল ক্ষুধা কমে গেছে এমন সব অপবাদ তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আপাতত সাফল্যের মধ্য গগনে রয়েছেন লিওনেল মেসি। কথা নয় কাজে প্রমাণ করতে এ মৌসুমে তিনি এ পর্যন্ত ২৭ ম্যাচে করেছেন ২৯টি গোল।

বার্সেলোনার আর্জেন্টাইন তারকা ২৭টি ম্যাচের মাঝে সাতটিতে গোল করতে পারেননি। বাকি ২০টি ম্যাচে তিনি প্রতিপক্ষের জালে নিয়মিত বল জড়িয়েছেন। এর মাঝে আছে দুটি হ্যাটট্র্রিক ও পাঁচটি জোড়া গোলের পারফরম্যান্স। গত মৌসুমে জানুয়ারি মাসে তার গোল সংখ্যা ছিল ২১টি অর্থাৎ এবার ছয়টি গোল বেশি এসেছে আর্জেন্টাইন জাদুকরের পা থেকে।

শুধু গোল করা নয়, সমানে গোল করিয়েও চলেছেন তিনি। গত দশ ম্যাচে নয়টি সফল ’অ্যাসিস্ট’ রয়েছে তার। গত বছর থেকে প্রতিপক্ষের ডি-বক্সে কেমন যেন একটা ছন্দহীনতায় ভুগেছিলেন মেসি, এখন এ দুর্বলতা দেখা যাচ্ছে না। এছাড়া এ পর্যন্ত মারা চারটি পেনাল্টি কিকের সবকটিতেই গোল করেছেন তিনি।

মেসির ফ্রি-কিকের কারুকাজ কমে গেছে বলেও আলাপ আলোচনা হচ্ছিল। এটিও কাটিয়ে উঠেছেন পাঁচবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়। লা লিগায় রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো ও অ্যাতলেতিকো মাদ্রিদের গোল মেশিন স্যান্ড্রো রামিরেজের সাথে মেসিও লা লিগায় ফ্রি-কিকের শীর্ষ গোলদাতাদের একজন।
/আরএম/