পুরো চ্যাপেল-হ্যাডলি সিরিজ থেকেই ছিটকে গেলেন ম্যাথু ওয়েড। পিঠের চোট থেকে সেরে না উঠায় সিরিজের মাঝ পথেই অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছেন ভারপ্রাপ্ত অধিনায়ক। মেলবোর্নে পৌঁছে ফিটনেস ফিরে পেতে কাজ করবেন ওয়েড।
ভারতের বিপক্ষে টেস্টে নিজেকে প্রস্তুত করতেও কাজ করবেন উইকেটকিপার ব্যাটসম্যান।স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার না থাকায় এই সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়ক হন ম্যাথু ওয়েড।
কিন্তু উদ্বোধনী ম্যাচের আগে অনুশীলন করতে গিয়ে পিঠে চোট পেয়ে বসেন তিনি। আর সেই প্রথম ম্যাচেই ৬ রানে হারে অসিরা! তার জায়গায় নেতৃত্ব দেন অ্যারন ফিঞ্চ। ওয়েড না থাকায় সিরিজের বাকি অংশেও দায়িত্ব পালন করবেন ফিঞ্চ। পরবর্তী ম্যাচ দুটি হবে ২ ফেব্রুয়ারি ও ৫ ফেব্রুয়ারি। ওয়েড না থাকলেও আপাতত তার বদলি কারও নাম ঘোষণা করা হয়নি। তার জায়গায় পিটার হ্যান্ডসকম্বই দায়িত্ব পালন করবেন।
ম্যাথু ওয়েডের সর্বশেষ অবস্থা প্রসঙ্গে অসিদের প্রধান চিকিৎসা কর্মকর্তা জন অর্চার্ড বলেছেন, ‘যেহেত ম্যাথু এখনও ফিট হতে পারেনি। তাই তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেখানেই তার অবস্থা পরীক্ষা করা হবে। আশা করি এই চোট থেকে সে দ্রুত সেরে উঠবে।’
শেষ দুই ওয়ানডের স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), প্যাট কামিন্স, জেমস ফকনার, পিটার হ্যান্ডসকম্ব, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, স্যাম হিজলেট, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, বিলি স্ট্যানলেক, মিচেল স্টার্ক, মার্কাস স্টইনিস, অ্যাডাম জাম্পা।
/এফআইআর/