‘হই হই রই রই, অস্ট্রেলিয়া গেল কই’

সাতক্ষীরা‘জয় বাংলা, বাংলার জয়, হই হই রই রই, অস্ট্রেলিয়া গেল কই’- এভাবেই উল্লাস করলেন সাতক্ষীরাবাসী। দেশের মাটিতে প্রথমবার টেস্টে অস্ট্রেলিয়াকে হারানোর পর বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন স্থানীয় ক্রীড়ামোদীরা।

বুধবার ম্যাচ জেতার পরপরই সাতক্ষীরা প্রেসক্লাব থেকে এ আনন্দ মিছিলটি বের হয়। এসময় সাতক্ষীরার দুই কৃতি সন্তান সৌম্য-মোস্তাফিজ ও টাইগার ক্রিকেট দলের সবাইকে অভিনন্দন জানানো হয়।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। কারণ অসিদের বিপক্ষে টেস্টে এটাই প্রথম জয় টাইগারদের। তাই এমন জয়ের উপলক্ষ পেয়ে চুপ মেরে আর বসে থাকেননি সাতক্ষীরাবাসী।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আব্দুল বারীর নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দেশের পতাকা নিয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণকালে সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, ভ্যান চালক, চায়ের দোকানীসহ ক্রীড়ামোদীরা যোগ দেন এই মিছিলে।

/এফআইআর/