জয় দিয়ে বন্যার্তদের মুখে হাসি ফোটাতে চান মুশফিক

জয় দিয়ে বন্যার্তদের মুখে হাসি ফোটাতে চান মুশফিকচট্টগ্রাম টেস্ট জিতে বন্যার্তদের মুখে হাসি ফোটাতে চান টেস্ট ক্যাপ্টেন মুশফিকুর রহিম! এবারের বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলের লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছেন। এরই মধ্যে বিসিবি বিপিএলের কনসার্ট বাতিল করে বন্যার্তদের সাহায্য করে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। এমনকি প্রধানমন্ত্রীর ত্রাণতহবিলে দুই কোটি টাকা দেওয়ার ঘোষণাও দিয়েছে।

যেখানে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার ব্যাপারে পিছিয়ে নেই ক্রিকেটাররাও। ইতোমধ্যে তারা নানা উদ্যোগ গ্রহণ করে বন্যার্তদের সাহায্য করেছেন।

রবিবার ম্যাচের বাইরে এই বিষয়ে প্রশ্ন উঠলে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিক বলেন, ‘আমরা পরিকল্পনা করছি। এরই মধ্যে কিছু টাকা বন্যার্তদের সাহায্যে খরচ করেছি। সিরিজ শেষে আমরা আরও বড় উদ্যোগ নিয়ে ত্রাণ বিতরণ করব। বন্যার এই সময়ে মাঠে যদি আমরা ভালো পারফর্ম করতে পারি, তাহলে আশা করি তাদের মুখে একটু হলেও হাসি দেখতে পারবো। শেষ ম্যাচটিতে আমরা সেই চেষ্টাই করব। দোয়া করছি, যাতে দ্রুত সময়ে বন্যা দূর হয়ে যায় এবং তারা তাদের স্বাভাবিক জীবনে যাতে ফিরে আসতে পারে।’