১৬ হাজার কোটি রুপিতে আইপিএল স্বত্ব স্টার ইন্ডিয়ার

১৬ হাজার কোটি রুপিতে আইপিএল স্বত্ব স্টার ইন্ডিয়ার হাড্ডহাড্ডি লড়াই করেই আইপিএল-এর মিডিয়া স্বত্ব কিনে নিয়েছে ভারতীয় প্রতিষ্ঠান স্টার ইন্ডিয়া। ১৬ হাজার ৩৪৭.৫০ কোটি রুপির বিনিময়ে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত এই স্বত্ব পেয়েছে প্রতিষ্ঠানটি। এরফলে আগের তুলনায় এবারের দরপত্রে আইপিএল মিডিয়া স্বত্বের মূল্যমান বেড়েছে ১৫৮ শতাংশ।

মোট ২৪টি সংস্থা এই স্বত্ব কিনতে দরপত্র দিয়েছিল। এরপর সেখান থেকে কাটছাট করে লড়াই করে ১৪টি প্রতিষ্ঠান। সেখান থেকেই সবাইকে পেছনে ফেলে জিতে নেয় স্টার ইন্ডিয়া।

এর আগে ২০০৮ সালে ৮ হাজার ২০০ কোটির বিনিময়ে ১০ বছরের জন্য স্বত্ব কিনে নিয়েছিল সনি পিকচার নেটওয়ার্ক। কিন্তু এবার পুরো স্বত্বটাই বাগিয়ে নিয়েছে স্টার ইন্ডিয়া। এবার ডিজিটাল স্বত্বের জন্য আবেদন জানিয়েছিল টাইমস ইন্টারনেট, রিলায়েন্স জিও, এয়ারটেল ও ফেসবুক। সাতটি বিভাগে আবেদনপত্র চাওয়া হয়েছিল। ভারতীয় টেলিভিশন, ভারতীয় ডিজিটাল, আমেরিকা, ইউরোপ, মিডল ইস্ট, আফ্রিকা ও বাকি বিশ্ব। দু’ভাগে ভাগ করা হয়েছিল মিডিয়া স্বত্বের ক্যাটাগরি- টেলিভিশন ও ডিজিটাল (ইন্টারনেট ও মোবাইল)।