ওয়ার্নারের ব্যাটে ভর করেই লিড নেওয়ার দিকে এগোচ্ছিল অস্ট্রেলিয়া। কিন্তু মোস্তাফিজ এসে দলীয় ২৯৮ রানে তাকে তালুবন্দী করান ইমরুল কায়েসের। ওয়ার্নার বিদায় নেন ১২৩ রানে। ২৩৪ বলের ইনিংসে ছিল ৭টি চার! এরপর কিছুক্ষণ থিতু হওয়ার চেষ্টায় ছিলেন এই টেস্টে জায়গা পাওয়া কার্টরাইট। মেহেদী হাসান মিরাজের বলে বেশ কয়েকবারই পরাস্ত হয়েছিলেন। একবার তো সরাসরি তার শট গিয়ে লাগে মিরাজের বুকে। তখন অবশ্য ক্যাচ মিস করেন তরুণ স্পিনার। এরপর আর অবশ্য থিতু হতে পারেননি। চা পানের বিরতির আগেই স্লিপে সৌম্যকে ক্যাচ দিয়ে ফেরেন ১৮ রানে ব্যাট করতে থাকা এই অলরাউন্ডার। অসিদের সংগ্রহ ৫ উইকেটে ৩২১ রান। অসিদের লিড দাঁড়িয়েছে ১৬ রান। ম্যাক্সওয়েল ব্যাট করছেন ২৫ রানে।
এর আগে অবশ্য বৃষ্টির বাগড়ায় তৃতীয় দিনের প্রথম সেশন কোনও খেলাই ছাড়া শেষ হয়ে। ফলে আজ ৬৭ ওভার কমপক্ষে খেলা হবে। বুধবার দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ এগিয়ে ছিল ৮০ রানে। দ্বিতীয় দিনের পুরোটা সময়ই হতাশায় কেটেছে স্বাগতিকদের। পুরোদিনে ৬৪ ওভার বোলিং করে বাংলাদেশের বোলারদের সাফল্য ছিল দুই উইকেট। অতিথিদের দলের স্মিথ-ওয়ার্নার-হ্যান্ডসকম্ব মিলে স্বাগতিক বোলারদের বেশ করেই চেপে ধরেন। এই তিন ব্যাটসম্যানদের প্রচেষ্টাতে অতিথিরা দুই উইকেট হারিয়ে দ্বিতীয় দিনে সংগ্রহ করে ২২৫ রান।