লর্ডস টেস্টে উদ্বোধনী দিনেই ১৪ উইকেটের পতন!



লর্ডস টেস্টের উদ্বোধনী দিনে ব্যর্থ ছিলেন জো রুট। ফিরে যান ১ রানে।সিরিজ নির্ধারণী টেস্ট বলেই এত উত্তেজনা। লর্ডসে তৃতীয় টেস্টের উদ্বোধনী দিনেই উইকেটের পতন ঘটেছে ১৪টি! তাই প্রথম দিনে কে কার চেয়ে এগিয়ে সেটা নিয়ে ধন্দে পড়েছেন ক্রিকেট বোদ্ধারা। অবশ্য শুরুতে ব্যাট করে ১২৩ রানে গুটিয়ে যাওয়ার পর ভালোভাবেই কামব্যাক করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিন শেষ হওয়ার আগে ৪৬ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে রয়েছে ইংলিশরা। যেখানে এখনও তারা পিছিয়ে ৭৭ রানে।

শুরুতে ক্যারিবীয়দের ইনিংসে সর্বোচ্চ রানই আসে কিয়েরন পাওয়েলের ব্যাট থেকে। ৯৮ বলে করেন ৩৯ রান। ২৯ রান করেন শাই হোপ, রোস্টন চেস করেন ১৮ রান। এছাড়া উল্লেখযোগ্যভাবে দাঁড়াতে পারেননি কেউ। ২২ রানে ৬ উইকেট নিয়ে একাই ক্যারিবীয়দের ধসিয়ে দেন বেন স্টোকস।

যদিও খেলতে নেমে একই তোপের মুখে পড়ে ইংল্যান্ড। ২৪ রানেই হারায় ৪ উইকেট। কেমার রোচ ও জেসন হোল্ডার নেন দুটি করে উইকেট। দ্বিতীয় দিন ইংল্যান্ড কতদূরে এগোতে পারে সেটাই দেখার বিষয়। কারণ ১৯৮৮ সালের পর ইংল্যান্ডের মাটিতে সিরিজ জেতার তীব্র আকাঙ্ক্ষা কাজ করছে ক্যারিবীয়দের।