বাংলাদেশের বিপক্ষে সেরাটা দিতে চান রবি ফ্রাইলিঙ্ক

 

রবি ফ্রাইলিঙ্কটি-টোয়েন্টিতে আইপিএল, সিপিএল খেলার অভিজ্ঞতা আছে রবি ফাইলিঙ্কের। প্রায় দশ বছর ধরে এসব বিদেশি লিগে খেললেও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ আর হয়নি। অবশেষে ৩৩ বছর বয়সে দক্ষিণ আফ্রিকার হয়ে সেই সুযোগ পেতে যাচ্ছেন বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। তাই বৃহস্পতিবার প্রথম ম্যাচে মাঠে নামলে নিজের সেরাটা দেওয়ার ইচ্ছা এই অলরাউন্ডারের, ‘আমি আসলে এমন মাপের খেলোয়াড় যে মাঠে দুইশতভাগ দেওয়ার চেষ্টা করে। তবে সেক্ষেত্রে ফলাফল কী হবে তার চিন্তা করি না।’

আইপিএল, সিপিএলসহ টি-টোয়েন্টি লিগগুলোতে এখন পর্যন্ত ৮৭টি ম্যাচ খেলেছেন ফ্রাইলিঙ্ক। এত ম্যাচ খেলার পর জাতীয় দলে ডাক পেয়ে জানালেন নির্ভার থেকেই খেলার চেষ্টা থাকবে বাংলাদেশের বিপক্ষে, ‘আসলে চাপগুলো সব সময়ই ভিন্ন মাত্রার হয়ে থাকে। প্রতিটি ম্যাচেই চাপের ভিন্ন ধরন থাকে। আর আমি এখন এমন বয়সে আছি যাতে নতুন কিছু করার ইচ্ছা নেই। আমি আমার খেলা সম্পর্কে জানি, তাই যতটুকু সম্ভব আমার স্বাভাবিক ভঙ্গিটাকে রেখেই খেলবো।’

অলরাউন্ডার হওয়ায় ব্যাট-বলে দুই বিভাগেই ভূমিকা রাখতে চান প্রোটিয়া এই তারকা। অবশ্য তার রেকর্ডও তাই বলে। লিস্ট-এ ক্যারিয়ারে দ্রুততম হাফসেঞ্চুরি করার রেকর্ড আছে তার। ১৯ বলে করেছেন ৫০ আর ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১৬ রান দিয়ে শিকার করেছেন ৫ উইকেট। তাই দুই বিভাগেই ভূমিকা রাখার ইচ্ছা তার, ‘ব্যাট করার সুযোগ পেলে অবশ্যই চেষ্টা করবো। তবে আমাকে বোধহয় বোলার হিসেবেই ব্যবহার করা হবে। তবে ব্যাট হাতে সুযোগ পেলে সেই চেষ্টাটাও করবো।’

দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ টি-টোয়েন্টি সূচি:

অক্টোবর ২৬: প্রথম টি-টোয়েন্টি, ব্লুমফন্টেইন

অক্টোবর ২৯: দ্বিতীয় টি-টোয়েন্টি, পচেফস্ট্রুম