গোল বাতিল হওয়ার পর বিরক্তি প্রকাশ করেছিলেন মেসি

রেফারির সিদ্ধান্ত মেনে নিতে পারেননি মেসি।

স্প্যানিশ লা লিগায় বিতর্কিত এক রাত কাটিয়েছে ফুটবল ভক্তরা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে  উত্তেজনাকর ম্যাচে গোল করেছিলেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। বলটি গোললাইন অতিক্রম করলেও রেফারি বাতিল করে দিয়েছেন সেই গোল!

প্রথমার্ধেই এমন কাণ্ড ঘটে গতকাল। মেসি ভ্যালেন্সিয়া গোলরক্ষক নেতোকে বোকা বানিয়ে বল ঠিকই পাঠিয়েছিলেন জাল বরাবর। প্রথমবার সুযোগ ফসকে গেলেও দ্বিতীয়বার বল নিজের আয়ত্তে আনতে যান নেতো। কিন্তু ততক্ষণে বল অতিক্রম করে গেছে গোললাইন!

বল লাইন অতিক্রম করলেও রেফারি বাতিল করে দেন এই গোল!আর এই গোলটি বাতিল হওয়ার পরই প্রতিবাদ জানিয়েছিলেন মেসি। তারপরেও সাড়া না পাওয়ার পর বিরক্তি আর চেপে রাখেননি বার্সা তারকা। রেফারি ইগনাসিও ইগলেসিয়াস ও তার সহকারীদের প্রতি মেসির বিরক্তির ছাপটা তখন বোঝা গেছে স্পষ্টই। মেসি গোললাইন অতিক্রম বলের দূরত্ব রেফারিকে ঠিকঠাকভাবেই বুঝিয়েছিলেন। কিন্তু তারপরেও কাজের কাজ কিছু হয়নি। যার রেশ ছিল পুরো ম্যাচে।

এই গোলটি হলে ম্যাচ জিতেই হয়তো মাঠ ছাড়তো বার্সা! ড্র হয়েছে ১-১ গোলে। কিন্তু তেমনটি না হওয়ায় বাজে রেফারিংয়ে আর তুষ্ট হতে পারেননি বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভারদে। ম্যাচ শেষে এভাবেই ক্ষোভ উগড়ে দেন তিনি, ‘এ ধরনের স্পষ্ট কিছুতে আসলে রিপ্লের প্রয়োজন হয় না। কিন্তু আফসোসের বিষয় আমরা এখনও এসব বিষয়ের মুখোমুখি হচ্ছি। বল লাইন অতিক্রম করে যাচ্ছে আর আমরা দেখতে পাই না।’

লা লিগায় এখনও চালু হয়নি গোললাইন প্রযুক্তি। মেসির গোল বাতিল হওয়ায় সেটি নতুন করে এই বিতর্ককেই উস্কে দিচ্ছে!