কিউইদের পাল্টা জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

অফ সাইডে শট খেলার পথে ব্র্যাথওয়েটওয়েলিংটনে প্রথম ইনিংস পর লম্বা দীর্ঘশ্বাস নিয়ে মাঠ ছেড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। গুটিয়ে গেছে ১৩৪ রানে। আর জবাবে খেলতে নেমে লম্বা ইনিংস উপহার দিয়েছে নিউজিল্যান্ড। বড় লিড নিয়ে তাদের প্রথম ইনিংস ঘোষণা করেছে  ৯ উইকেটে ৫২০ রানে।  তবে দ্বিতীয় ইনিংসে  ওয়েস্ট ইন্ডিজও প্রতিরোধ দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা জিইয়ে রাখতে তৃতীয় দিন শেষে ২ উইকেটে ২১৪ রান তুলেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়রা এখনও পিছিয়ে ১৭২ রানে।

আগের দিন হাফসেঞ্চুরি করা ব্লান্ডেলই ছিলেন এ দিনকার মূল তারকা। সেঞ্চুরি তুলে অপরাজিত ছিলেন ১০৭ রানে। শেষ দিকে বোল্টও ছিলেন ১৮ রানে তার সঙ্গী।

এরপর দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে শুরুটা আশা জাগিয়ে করেছিলেন ক্যারিবীয় দুই ওপেনার কিয়েরন পাওয়েল ও ক্রেইগ ব্র্যাথওয়েট। জুটিটা স্থায়ী ছিল ১৮ ওভার। এরপর মনোযোগ হারালে হ্যানরির বলে ফিরতি ক্যাচ দিয়ে ফিরে যেতে বাধ্য হন পাওয়েল। তখন ৪০ রানে ব্যাট করছিলেন তিনি। ৫টি চার ও ২টি ছয়ে খেলছিলেন প্রতিরোধ দিয়ে।

পাওয়েলের বিদায়ের পর ব্র্যাথয়েট ছিলেন আরও সাবধানী। সঙ্গী হেটমেয়ারও প্রতিরোধের দেয়ালটা বড় করছিলেন ধীরে ধীরে।  তবে ৬৬ রানে ক্রিজে থাকা এই তারকাকে আর থিতু হতে দেননি হ্যানরি। ক্যারিবীয় শিবিরে অস্বস্তির আবহ সৃষ্টি করেছিলেন তাকে সাজঘরে ফিরিয়ে। এরপর অবশ্য নিশ্চিন্তে দিন পার করে ওয়েস্ট ইন্ডিজ। ব্র্যাথওয়েট সাবধানী থেকে দিন শেষ করেছেন ৭৯ রানে। খেলেছেন ১৮৬ বল। তার সঙ্গে রয়েছেন শাই হোপ। ব্যাট করছেন ২১ রানে।