প্রোটিয়াদের দ্বিতীয় টেস্টে ডাক পেলেন অলিভিয়ের

ডুয়েন অলিভিয়েরডেল স্টেইন ছিটকে যাওয়ায় দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলবেন ডুয়েন অলিভিয়ের। তার সঙ্গে ২১ বছর বয়সী অভিষেক না হওয়া লুঙ্গি এনগিদিকেও স্কোয়াডে রাখা হয়েছে।

প্রথম টেস্টে পায়ের গোড়ালিতে চোট পেয়ে বাকি ম্যাচ থেকে ছিটকে গেছেন স্টেইন। কেপ টাউনে খুব বাজেভাবে পায়ের ওপর ভর দেওয়ার পরই আসে এমন দুঃসংবাদ।

পেসার অলিভিয়ের এর আগে সবশেষ খেলেছেন বাংলাদেশের বিপক্ষে। সেপ্টেম্বর-অক্টোবরে সেই সিরিজে চার ইনিংসে ৫ উইকেট নেন। এর এক বছর আগে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক হয় তার। যদিও নিয়মিত সদস্য হিসেবে কখনও দলে জায়গা পাননি। প্রয়োজনেই ডাক পেয়েছেন দলে।

অপরদিকে এনগিদির টি-টোয়েন্টি অভিষেক হয়েছে গত বছরের জানুয়ারি। শ্রীলঙ্কার বিপক্ষে সব ম্যাচেই খেলেন তিনি। জোহানেসবার্গে ১৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। ওয়ানডে স্কোয়াডে জায়গা পেলেও তখন চোটের কারণে আর খেলতে পারেননি। এরপর ‘এ’ দলের হয়ে ইংল্যান্ডেও সফর করতে গেছেন ডানহাতি এই পেসার। কিন্তু সেখানেও চোট আক্রান্ত হয়ে সাইড লাইনে ছিলেন প্রায় ৪ মাস।

সেঞ্চুরিয়ন দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৩ জানুয়ারি।

দ্বিতীয় টেস্টের স্কোয়াড: ফাফ দু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, তেম্বা বাভুমা, থিউনিস দি ব্রুইন, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, ডিন এলগার, কেশব মহারাজ, এইডেন মারক্রাম, মরনে মরকেল, ক্রিস মরিস, আন্দিলে ফেহলুকাওয়ো।