জাহিদকে বাদ দিয়েই মালদ্বীপ যাচ্ছে সাইফ স্পোর্টিং

জাহিদ হোসেনচট্টগ্রাম আবাহনী থেকে ৭জন খেলোয়াড় নিয়ে এএফসি কাপে খেলা শুরু করেছিল নবাগত সাইফ স্পোর্টিং ক্লাব।  তাতেও লাভ হয়নি ক্লাবটির।  ঢাকায় ২৩ জানুয়ারি প্রথম ম্যাচেই মালদ্বীপের টিসি স্পোর্টসের কাছে ১-০ গোলে হেরে ব্যাকফুটে রয়েছে তারা।  সেখানে অভিজ্ঞ উইংগার জাহিদ হোসেনও কিছু করে দেখাতে পারেননি।  তাই তাকে বাদ দিয়েই আগামী ৩০ জানুয়ারি মালেতে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছে সাইফ স্পোর্টিং।

জাহিদকে ছাড়া ২৭ জানুয়ারি দুপুরে ঢাকা ছাড়বে সাইফ স্পোর্টিং। জাহিদ না থাকলেও চট্টগ্রাম আবাহনীর অন্য ছয় জন খেলোয়াড় মালদ্বীপ যাচ্ছেন। জাহিদের জায়গায় তরুণ ফরোয়ার্ড মতিন মিয়া কিংবা মোহাম্মদ ইব্রাহিমের জায়গা হতে পারে।

মূলত পারফরম্যান্সের কারণেই জাহিদকে বাদ দেওয়া হচ্ছে। অনেক আশা নিয়ে এই উইংগারকে সাইফ দলে নিলেও তার পারফরম্যান্স ছিল হতাশাজনক। কর্নার কিংবা ফ্রি কিক থেকে সেভাবে সুযোগ তৈরি করে দিতে পারেননি জাহিদ হোসেন।

বৃহস্পতিবার ক্লাবটির ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দীন চৌধুরী বাংলা ট্রিবিউনকে জাহিদের প্রসঙ্গে বলেছেন, ‘জাহিদের পারফরম্যান্সে আমরা হতাশ হয়েছি।  যে কারণে তাকে মালদ্বীপে নেওয়া হচ্ছে না। তার জায়গায় ইব্রাহিম কিংবা মতিন মিয়ার সুযোগ হতে পারে।’