আফগানদের থামিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া

৬ উইকেটে জিতে ফাইনালে অস্ট্রেলিয়াযুব বিশ্বকাপেও হুঙ্কার দিয়ে যাচ্ছিল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। বড়দের পদাঙ্ক অনুসরণ করে জন্ম দিতে যাচ্ছিল আরেকটি রূপকথার। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নাম লিখিয়ে অপেক্ষায় ছিল শেষ ধাপটির। অথচ শেষ চারেই তাদের সেই রূপকথার ইতি টেনে দিয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়া।  অসিরা ৬ উইকেটে জিতে নাম লিখিয়েছে ফাইনালে।

মাউন্ট মাঙ্গানুইয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তটি কাজে আসেনি আফগানদের। অসি বোলিংয়ে ১৮১ রানে গুটিয়ে গেছে ‘পুঁচকে’ তকমা পাওয়া দলটি। মিডিয়াম পেসার জোনাথন মারলোর ৪ উইকেট শিকারে ধস নামে আফগানিস্তানে। উইকেটকিপার ব্যাটসম্যান ইকরাম আলীর ৮০ রানই ছিল সর্বোচ্চ।

তবে এত কম রানে গুটিয়ে যাওয়ার পরেও হাল ছাড়েনি আফগানরা। নির্ভর করেছিল রহস্য স্পিনার মুজিব জাদরানের ওপর। এই স্পিনারই রবিবার ডাক পেয়েছেন আইপিএলে। নিজের ঘূর্ণিজাদুর প্রমাণ দিয়েছেন এই ম্যাচেও। ওপেনার ব্রায়ান্টকে দলীয় ২৬ রানে ফিরিয়ে স্বস্তি দিয়েছিলেন দলকে। যদিও পরের আক্রমণগুলো ছিল নখদন্তহীন!

ওপেনার এডওয়ার্ডসের ৭২ রানের সুবাদেই জয়ের মঞ্চ তৈরি হয় অস্ট্রেলিয়ার। ৩৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ম্যাচসেরা হন অসি ওপেনার জ্যাক এডওয়ার্ডস।