প্রতিভার খোঁজে বুধবার শুরু হচ্ছে স্কুল ক্রিকেট

 

স্কুল ক্রিকেটের মাসকট টিঙ্গার সঙ্গে আয়োজকরা। ছবি- রবিউল ইসলাম। ভবিষ্যতের মাশরাফি-সাকিবদের খুঁজে বের করতে বুধবার আবারও মাঠে গড়াচ্ছে প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স ন্যাশনাল স্কুল ক্রিকেট।  এই আসরে সারা দেশের ৫৫৪টি স্কুলের প্রায় ১১ হাজারেরও বেশি খুদে ক্রিকেটার অংশ নেবে। যেখানে ৬৪ জেলায় মোট ৯৭৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

স্কুল ক্রিকেট সবসময়ই গুরুত্ব বহন করে। স্কুল ক্রিকেট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাহমুদ সুজনসহ বহু ক্রিকেটার।

এছাড়া বর্তমান ক্রিকেট দলের মধ্যে অনেকেই আছেন যারা স্কুল ক্রিকেটের মাধ্যমে তাদের ক্রিকেটের বীজ বপন করেছিলেন।  সাফল্যের সিঁড়ি বেয়ে পরে তারকা কিংবা মহাতারকা হয়েছেন। এ জন্যই স্কুল ক্রিকেটকে প্রত্যেক ক্রিকেটারের স্বপ্নের প্রথম সিঁড়ি ভাবা হয়।  গত আসরে স্কুল ক্রিকেট খেলে বয়সভিত্তিক দলগুলোতে ২৯জন ক্রিকেটার সুযোগ পেয়েছেন।  এবার সর্বোচ্চ ১৩০টি স্কুল অংশ নিচ্ছে ঢাকা বিভাগ থেকে।  চট্টগ্রামে ৯২টি, খুলনায় ৮৪টি, রাজশাহী ও রংপুর বিভাগ থেকে অংশ নিচ্ছে ৬৮টি স্কুল।

প্রত্যেকটি জেলা চ্যাম্পিয়নরা অংশ নেবে বিভাগীয় পর্যায়ে। বিভাগীয় পর্যায়ে হবে মোট ৫৭টি ম্যাচ। ৭ বিভাগ ও ঢাকা মেট্রো চ্যাম্পিয়নের অংশগ্রহণে হবে জাতীয় চ্যাম্পিয়নশিপ। দেশের বিভিন্ন প্রান্তের প্রায় ৭০ ভেন্যুতে এবার অনুষ্ঠিত হবে স্কুল ক্রিকেটের এই জাতীয় আসর।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে দেশের বৃহৎ এই ক্রিকেটযজ্ঞের নানা দিক তুলে ধরেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিসিবির বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান তানজিল চৌধুরী। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন, প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ ও প্রাইম ব্যাংক লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রসিডেন্ট ও কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ এহসান হাবিব।

তানজিল চৌধুরী নিজের বক্তব্যে বলেছেন, ‘দেশের ক্রিকেটের সমৃদ্ধ পাইপ লাইন তৈরিতে দারুণ ভূমিকা রাখছে স্কুল ক্রিকেট। বর্তমান বয়সভিত্তিক দলগুলোর বেশিরভাগ ক্রিকেটার উঠে আসছে এখান থেকেই।  অনূর্ধ্ব-১৫ এবং অনূর্ধ্ব- ১৭ জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার খেলেছেন স্কুল ক্রিকেটের গত আসরে। ’

প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ তার বক্তব্যে বলেছেন, ‘দেশের ক্রিকেট উন্নয়নে বরাবরই ভূমিকা রাখছে প্রাইম ব্যাংক। গত তিন বছর ধরে আমরা স্কুল ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে কাজ করছি। ভবিষ্যতের খুদে ক্রিকেটারদের আরও আগ্রহী করে গড়ে তুলতে নানা উদ্যোগ নিবো আমরা।’

গত আসরের ভুলগুলো এবার শুধরে আরও ভালো করে স্কুল ক্রিকেট মাঠে গড়াবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।

প্রসঙ্গত,  প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স ন্যাশনাল স্কুল ক্রিকেটের গত আসরের শিরোপা জিতেছে রাজশাহীর বালিয়াপুকুর বিদ্যানিকেতন।