গাজী গ্রুপকে ১৩৭ রানে আটকেও হেরেছে মোহামেডান

ডিপিএলঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের অষ্টম রাউন্ডে মুখোমুখি হয়েছে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান ও গতবারের চ্যাম্পিয়ন গাজী গ্রুপ ক্রিকেটার্স।  মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের এই ম্যাচটিতে দাপট দেখিয়েছেন বোলাররা।  দুই দলের বোলারদের তাণ্ডবে ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় বসতে হয়েছে।  সেই পরীক্ষায় গাজী গ্রুপকে ১৩৭ রানে অলআউট করেও ২৯ রানে হার মেনেছে মোহামেডান!

মঙ্গলবার টসে জিতে আগে ব্যাটিং করা গাজী গ্রুপ শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায়।  ৫০ রানে ৬ উইকেট হারানোর পর নাদিফ চৌধুরীর ২৮ ও আফিফ আহমেদের ৩৮ রানের কল্যানে শেষ পর্যন্ত ১৩৭ রানের সংগ্রহ দাঁড় করাতে সমর্থ হয়েছে।

মোহামেডানের বোলারদের দাপট ছিল উল্লেখ করার মতো।  তরুণ পেসার কাজী অনিকের বোলিং তোপে লণ্ডভণ্ড হয়েছে গাজী গ্রুপের ব্যাটিং লাইনআপ।  আট ওভারে ২৮ রান খরচায় টপ অর্ডারের চার ব্যাটসম্যানদের সাজঘরে ফেরান কাজী অনিক।  এছাড়া মোহাম্মদ আজিম ৩২ রানে তুলে নেন তিনটি উইকেট।

১৩৮ রানের লক্ষ্যে খেলতে নেমে গাজী গ্রুপের মতো মোহামেডানের ব্যাটসম্যানদেরও কঠিন পরীক্ষা দিতে হয়ে বোলারদের সামনে।  দলীয় ১৮ রানে ওপেনিং জুটি ভেঙে গেলে বিপর্যয় আর রুখতে পারেনি মোহামেডান। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলে মোহামেডানের ইনিংস গিয়ে থামে ৩৩.২ ওভারে।  মোহামেডানের মাত্র তিন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন।  রকিবুল হাসান সর্বোচ্চ ২২, শামসুর রহমান ১৯ ও ওপেনার জনি তালুকদার করেন ১৫ রানের ইনিংস।

গাজী গ্রুপের বোলারদের মধ্যে তরুণ স্পিনার নাঈম হাসান ও পেসার কামরুল ইসলাম রাব্বি প্রত্যেকে তিনটি করে উইকেট নিয়েছেন।  এছাড়া মেহেদী হাসান ও টিপু সুলতান দুটি করে উইকেট নিয়েছেন।