শ্রীলঙ্কায় জরুরি অবস্থা, সূচি অনুযায়ী চলবে নিদাহাস ট্রফি

নিদাহাস ট্রফি নিয়ে তিন অধিনায়ক মাহমুদউল্লাহ, দিনেশ চান্ডিমাল ও রোহিত শর্মা। ছবি-বিসিবিসাম্প্রদায়িক দাঙ্গায় শ্রীলঙ্কায় চলছে জরুরি অবস্থা। মুসলিম ও বৌদ্ধদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গাতে ১০ দিনের এই জরুরি অবস্থা জারি করা হয় মঙ্গলবার। এই অবস্থায় নিদাহাস ট্রফি আজকে মাঠে গড়ালেও লঙ্কান ক্রিকেট বোর্ড বলেছে দাঙ্গার কোনও প্রভাব পড়বে না টুর্নামেন্টে। এমনকি সূচি যেভাবে সাজানো হয়েছে সেভাবেই চলবে পুরো টুর্নামেন্ট।

দাঙ্গার ঘটনা ঘটেছে শ্রীলঙ্কার জনপ্রিয় পর্যটন নগরী ক্যান্ডিতে। আর নিদাহাস ট্রফির সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোয়। তাই এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই বলেই জানিয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী আশলে ডি সিলভা, ‘ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কলেম্বোতে। তাই সব কিছু সূচি অনুযায়ী চলবে।’ একই কথা জানিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তারা জানিয়েছে, ‘জরুরি অবস্থা জারির খবর পাওয়া গেছে। অবশ্য যেখানকার জন্যে এই পরিস্থিতি সেটা কলম্বোতে নয়, ক্যান্ডিতে। সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলে জানা গেছে কলম্বোতে সব কিছুই স্বাভাবিক আছে।’

এক বৌদ্ধ নাগরিককে হত্যা ও মুসলিম নাগরিকের দোকান পুড়িয়ে দেওয়ার জেরেই ক্যান্ডিতে শুরু হয়ে যায় দাঙ্গা। সেখানে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। সহিংসতা ঠেকাতে সোমবার রাতে সেখানে কারফিউ জারি করা হয়েছে।

বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কাকে নিয়ে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজকে মাঠে নামবে ভারত ও স্বাগতিক শ্রীলঙ্কা।  ক্রিকবাজ।

নিদাহাস ট্রফির সূচি

৬ মার্চ: শ্রীলঙ্কা-ভারত

৮ মার্চ: বাংলাদেশ-ভারত

১০ মার্চ: বাংলাদেশ-শ্রীলঙ্কা

১২ মার্চ: শ্রীলঙ্কা-ভারত

১৪ মার্চ: বাংলাদেশ-ভারত

১৬ মার্চ: বাংলাদেশ-শ্রীলঙ্কা

১৮ মার্চ: ফাইনাল

* কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।