দ্বিতীয় ইনিংসে ডেভিড ওয়ার্নারকে লক্ষ্য করে অঙ্গভঙ্গি করার অভিযোগ উঠেছে দক্ষিণ আফ্রিকার পেসার রাবাদার বিরুদ্ধে। স্মিথের ঘটনায় তার বিরুদ্ধে আনা হয়েছিল ২ মাত্রার অভিযোগ। এবার তার বিরুদ্ধে আনা হয়েছে এক মাত্রার অভিযোগ।
স্মিথের ঘটনায় দোষী সাব্যস্ত হলে জুটবে ৩ ডিমেরিট পয়েন্ট। আগেই একই কাণ্ড বাঁধিয়ে তিনি পেয়েছেন ৫ ডিমেরিট পয়েন্ট। এই টেস্টের প্রথম অভিযোগের ভিত্তিতে শাস্তি পেলে নিষিদ্ধ হবেন ২ টেস্টে।
নতুন আনা অভিযোগের বিষয়ে এখনও জবাবদিহি করতে হয়নি রাবাদাকে। দুই ঘটনায় দোষী সাব্যস্ত হলে তার অবস্থা হবে আরও করুণ। মোট ডিমেরিট পয়েন্ট হবে ৯! তাতে ১২ পয়েন্ট পেতে বেশি সময় লাগবে না হয়তো রাবাদার। এই পদ্ধতি চালুর পর রাবাদাই সবচেয়ে বেশি আলোচনায়। মোট ১২ পয়েন্ট হয়ে গেলে অন্তত আরও তিনটি টেস্টে নিষিদ্ধ হবেন তিনি।
এর আগে গত জানুয়ারিতে নিষেধাজ্ঞার শাস্তি কাটিয়েছেন প্রোটিয়া পেসার। এরপর থেকেই পেয়ে যাচ্ছেন একের পর এক ডিমেরিট পয়েন্ট। জুলাইয়েও অব্যাহত ছিল একই ধারা। এরপর পেয়েছেন গত মাসে। প্রতিটি ডিমেরিট পয়েন্টের মেয়াদ ২৪ মাস।