বল টেম্পারিংয়ের চলমান অপরাধকে ২ মাত্রা হিসেবেই ধরা হয়ে আসছে। একে আরও মারাত্মক অপরাধ হিসেবে বিবেচনায় রাখছে সংস্থাটি। কিন্তু বিষয়গুলো আরও পরিষ্কার ভাবে উত্থাপন করতে চাইছে তারা। এমনকি শাস্তির মাত্রা নিয়েও কঠোর হওয়ার কথা ভাবা হচ্ছে। কারণ ডিমেরিট পয়েন্ট সিস্টেম অত বড় করে হয়তো এসব ঘটে যাওয়া ঘটনাগুলোকে নিরুৎসাহিত করছে না। সেই ভাবনা থেকে এসব বিষয় এপ্রিলের আইসিসির সভায় উত্থাপন করা হবে। তবে এ নিয়ে এখনই দ্রুত পদক্ষেপের পক্ষে আইসিসি।
চলমান উত্তপ্ত পরিস্থিতি বিষয়গুলো নিয়ে ভাবতে বাধ্য করছে বলে মনে করেন ডেভ রিচার্ডসন। আইসিসির এই প্রধান নির্বাহী জানান, ‘আমরা গত কয়েক সপ্তাহ ধরে খেলোয়াড়দের অসংযত আচরণ দেখছি। যেমন স্লেজিং, অশালীন ভাষা, আম্পায়ারের সঙ্গে বিরুদ্ধ আচরণ। এমনকি নিদাহাস ট্রফিতে মাঠ পরিত্যাগ করার মতো ঘটনাও দেখেছি। সব শেষ বল টেম্পারিং। সব কিছুই আমাদের এপ্রিলের সভায় এজেন্ডা হিসেবে রয়েছে। তবে কেপ টাউনে যা হয়েছে তাতে আমি মনে করি সব কিছু দ্রুত গতিতে করার দিকে বাড়তি গুরুত্ব দিচ্ছে।’
আচরণ বিধি সংস্কারে কারা থাকবেন? এমন প্রশ্নটি আসাও স্বাভাবিক। রিচার্ডসন জানিয়েছেন, এতে আইসিসির ক্রিকেট কমিটি, এমসিসি ও সাবেক ক্রিকেটার যারা ক্রিকেটের স্পিরিট বজায় রেখে খেলেছেন তাদের রেখেই করা হবে। বর্তমান ক্রিকেটাররাও এতে থাকতে পারেন। সে ক্ষেত্রে বেশ কিছু নামও মুখে এনেছেন আইসিসির এই কর্মকর্তা, ‘অ্যালান বর্ডার, অনিল কুম্বলে, শন পোলক, কোর্টনি ওয়ালশ এমনকি রিচি রিচার্ডসনও থাকতে পারেন।’-ক্রিকইনফো।