আলোর স্বল্পতায় ২৪ ওভার আগে খেলার ইতি টানতে হয়েছে। নিউজিল্যান্ডের হয়ে ক্রিজে আছেন টম ল্যাথাম (২৫) ও জিত রাভাল (১৭)। এই সংগ্রহ পেতে মাটি কামড়েই পড়ে রয়েছেন দুই ওপেনার। খেলেছেন ২৪ ওভার। অবশ্য এই টেস্ট জিততে হলে রেকর্ড তাড়ায় নিজেদের আগের রেকর্ডকেও ছাড়িয়ে যেতে হবে কিউইদের।
চতুর্থ ইনিংসে সফলভাবে ৫ উইকেটে ৩২৪ রানের লক্ষ্য তাড়া করার রেকর্ড আছে নিউজিল্যান্ডের। এমনটা হয়েছিল ১৯৯৪ সালে পাকিস্তানের বিপক্ষে। তাই শেষ দিনে ১০ উইকেট হাতে নিয়ে ৩৪০ রানের লক্ষ্যে খেলতে নামবে স্বাগতিকরা।
শেষ দিনেও চোখ রাঙানি দিচ্ছে বাজে আবহাওয়া। তাই কিউইরা টেস্ট ড্র করতে পারলেও আরেকটি স্বপ্ন অটুট থাকছে। তাহলে ১৯৮৩-৮৪ সালের পর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতার স্বাদ নেবে কিউইরা।
এর আগে সকালে ৩ উইকেটে ২০২ রান নিয়ে খেলতে নামা ইংলিশরা ৯ উইকেটে ৩৫২ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। সকালের সেশনে মালান ৫৩ ও জো রুট ৫৪ রানে ফিরলে লোয়ার অর্ডারে জনি বেয়ারস্টো ভূমিকা রাখেন ৩৬ রান করে।