কোহলিদের সম্প্রচার স্বত্বের দাম ৬ হাজার কোটি রুপি!

ভারতের মিডিয়া স্বত্ব কিনে নিয়েছে স্টার ইন্ডিয়াসারা বিশ্বে নিজেদের সম্প্রচার জালকে বৃদ্ধি করেই চলেছে স্টার ইন্ডিয়া। আইসিসি টুর্নামেন্টের মিডিয়া স্বত্ব কিনে নেওয়ার পর এবার ভারতীয় ক্রিকেটেরও সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে আগামী ৫ বছরের জন্যে। যার জন্যে খরচ হয়েছে ৬ হাজার ১৩৮ কোটি রুপি।   এর ফলে প্রতি ম্যাচের খরচ দাঁড়াচ্ছে ৬০ কোটি রুপি!

আগামী ৫ বছরে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত এই সম্প্রচার স্বত্বের অধিকারী থাকবে স্টার ইন্ডিয়া। এর আগে ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত আইসিসির টুর্নামেন্টের স্বত্ব কিনে নিয়েছে প্রতিষ্ঠানটি। যার মূল্যমান ১৪৮ কোটি, ২৩ লাখ ৯০ হাজার ৭৩৫ রুপি। এমনকি আইপিএলেরও মিডিয়া স্বত্বের মালিক এই প্রতিষ্ঠান (মূল্যমান ১৬ হাজার ৩৪৭ কোটি রুপি)।

আগের চেয়ে অনেক বেশি টাকায় স্বত্ব কিনেছে স্টার ইন্ডিয়া। যা শতকরায় বেড়েছে ৫৯ শতাংশ। আগেরবার স্বত্ব বিক্রি হয়েছিল ৩ হাজার ৮৫১ কোটি রুপিতে।

এবারই প্রথম ই-অকশন পদ্ধতিতে স্বত্ব বিক্রি হয়েছে। ক্রীড়াঙ্গনে এবারই ই-পদ্ধতিতে নিলাম অনুষ্ঠিত হলো। মঙ্গলবার শুরু হওয়া এই নিলাম চলে তিনদিন ব্যাপী। এতে আরও অংশ নেয় সনি ইন্ডিয়া ও রিলায়েন্স।