ইনিয়েস্তার বিদায়ী এল ক্লাসিকো

মৌসুম শেষেই বার্সা ছেড়ে যাচ্ছেন ইনিয়েস্তাএবারের এল ক্লাসিকোতে বারুদ ঠাসা উত্তেজনা হয়তো নেই! এর কারণটা জানা সবার। স্প্যানিশ লা লিগায় আগেই শিরোপা উৎসব করে ফেলেছে বার্সেলোনা। তাই ঐতিহাসিক এই লড়াইয়ে বার্সেলোনার হারানোর হয়তো কিছু নেই। কিন্তু ঐতিহ্যটা যখন ‘সম্মানের’ তখন দুই দলের লড়াইটা সীমাবদ্ধ থাকে সেই আকর্ষণীয় ক্ল্যাসিক দ্বৈরথেই। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ঐতিহ্যবাহী ম্যাচটি ন্যু ক্যাম্পে শুরু হবে রবিবার দিবাগত রাত পৌনে ১টায়।

ক্লাসিকো বলেই ম্যাচটি নিয়ে আলাদা উত্তেজনা থাকার কথা দুই দলের। অথচ সব ছাপিয়ে তাদের বক্তব্য গার্ড অব অনার প্রসঙ্গেই বন্দি! বার্সেলোনাকে গার্ড অব অনার দেবে না রিয়াল- এই প্রসঙ্গ নিয়েই চলছে যুক্তি পাল্টা যুক্তি।

জিদান বলেছিলেন বার্সেলোনা পূর্বে এমন ঐতিহ্য ভেঙেছে বলেই তার পুনরাবৃত্তি করছে রিয়াল। বার্সেলোনা তাদের প্রতি অশ্রদ্ধা দেখিয়েছে- প্রসঙ্গটা যখন শ্রদ্ধাহীনতার। তখন এর ব্যাখ্যা দিতেই হয়েছে বার্সা কোচ ভালভারদেকে, ‘আমরা আসলে বিষয়টা সেভাবে দেখিনি।’ তবে এই গার্ড অব অনার নিয়ে বেশি ভাবছে না বার্সা। ভালভারদে মনে করেন, ‘আমার কাছে স্বাভাবিকই মনে হচ্ছে। আমরা বিষয়টি খুব বেশি গুরুত্ব দিচ্ছি না।’
রিয়াল মাদ্রিদ কোচও একই প্রশ্নে একরোখা মনোভাবের পরিচয় দিয়েছেন।  তবে এই ক্লাসিকো আরেক দিক দিয়ে গুরুত্বপূর্ণ।  মৌসুম শেষেই বিদায় নিচ্ছেন আন্দ্রেস ইনিয়েস্তা।  তাই বিদায়ী বার্সা তারকা ইনিয়েস্তার প্রতি শ্রদ্ধার দিকেও নজর থাকছে সবার।  রিয়াল মাদ্রিদ কোচ জিদান ইঙ্গিত দিয়েছেন তেমনটা, ‘শ্রদ্ধার বিষয়টা যখন আসে তখন বলতেই হয় ইনিয়েস্তা এমনই একজন যাকে আমরা অনুসরণ করি। ও শুধু খেলোয়াড় নয়, মানুষ হিসেবে সে কেমন তা সবারই জানা। আমরা তাকে শ্রদ্ধা জানাবো, অভিনন্দন জানাবো। ভবিষ্যতটা যাতে তার উজ্জ্বল হয় সেই শুভ কামনা জানাবো।’

একই লক্ষ্য বার্সেলোনারও। তবে সেই লক্ষ্যের সঙ্গে যুক্ত রাখতে চায় ক্লাসিকো জয়।লুই সুয়ারেস এক রকম ‍হুঙ্কার দিয়ে রাখলেন সেভাবে, ‘প্রথম পর্বের ম্যাচটা আমরা জিতেছিলাম। রিয়ালের ঘরে মাঠে গোল করেছিলাম। এবার নিজেদের মাঠেও এল ক্লাসিকো জিতে মৌসুম দুর্দান্তভাবে শেষ করতে চাই।’

গত বছরের শেষ দিকে রিয়ালের ঘরের মাঠেই ৩-০ গোলে জেতে বার্সেলোনা। বার্সেলোনা ঘরের মাঠে এবার মুখোমুখি হবে রিয়ালের। জিদানের শিষ্যরা সেই হারের প্রতিশোধ নিবে নাকি বার্সেলোনা লিগে ধারাবাহিকতা ধরে রাখবে? উত্তর মিলবে আজ রাতেই।