ঘটনাটা বাংলাদেশের ইনিংসে। ওপেনার এনামুলের ব্যাটে মাত্র ২ ওভারে ২০ রান করে বাংলাদেশ। তরুণ ওপেনার মাত্র ৯ বলে দুটি চার ও ছয়ের সাহায্যে ২৩ রান করে জোসেফের বলেই আউট হন। তৃতীয় ওভারের তৃতীয় বলে স্টাম্প ছেড়ে মারতে গিয়ে বোল্ড হন। তখনই ক্যারিবিয়ান এই পেসার উত্তেজনার বশে এনামুলকে হাতের ইশারায় সাজঘরের পথ দেখান। আইসিসির বিধি অনুযায়ী যা শাস্তিযোগ্য অপরাধ।
আইসিসির পাঠানো বিজ্ঞপ্তিতে জানা গেছে, জোসেফকে কোড অব কন্ডাক্টের ২.১.৭ ধারায় অভিযুক্ত করেছেন ম্যাচ রেফারি। ধারাটিতে লেখা রয়েছে, ‘ব্যাটসম্যানকে আউট করার পর এমন কোনো ভাষা কিংবা অঙ্গভঙ্গি করা যাবে না, যা উসকানিমূলক।’
এ ঘটনায় বৃহস্পতিবার জোসেফকে তিরস্কারের কথা জানিয়েছে আইসিসি। ম্যাচ শেষে ক্যারিবিয়ান এই পেসার দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির আর প্রয়োজন পড়েনি।