শুক্রবার হচ্ছে না আফজালুর রহমানের জানাজা

আফজালুর রহমান সিনহা।দীর্ঘদিন গুরুতর অসুস্থ থাকার পর বুধবার পৃথিবী ছেড়ে চলে গেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও একমি ল্যাবরেটরিজ লিমিটেডের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা। শুক্রবার তার জানাজা হওয়ার কথা থাকলেও অনাকাঙ্ক্ষিত কারণে তা আর হচ্ছে না।

বিসিবি জানিয়েছে, আফজালুর রহমান সিনহার মরদেহ ভারতের চেন্নাই থেকে এখনও ঢাকায় এসে পৌঁছায়নি। তাই হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নির্ধারিত জানাজা আপাতত স্থগিত রাখা হয়েছে। বিসিবি জানিয়েছে, পরে দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে।

আফজালুর রহমান দীর্ঘদিন লিভার ও কিডনির জটিল সমস্যায় ভুগছিলেন। অসুস্থতার সঙ্গে লড়াই করে হার মানলেন ৬৮ বছর বয়সী এই ক্রীড়া সংগঠক। গত কয়েক মাস সিঙ্গাপুর ও থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি। থাইল্যান্ড থেকে ভারতের চেন্নাইতে গিয়েছিলেন চিকিৎসা নিতে। তারপরও অবস্থার কোনও উন্নতি হয়নি।

আফজালুর রহমানের বর্ণাঢ্য কর্মজীবনের বেশিরভাগ জুড়েই ছিল খেলাধুলা। তিনি বিসিবির পরিচালক হওয়ার পাশাপাশি ঢাকার বিভিন্ন ক্লাবের সংগঠক ও পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি একজন সফল ব্যবসায়ীও তিনি। তার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। বিভিন্ন ক্লাব থেকে শোকবার্তা প্রকাশ হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে।