শুরুতে টস জিতে ব্যাট করে সেন্ট কিটস। শুরুটা হোঁচট খেয়ে করলেও ডেভন থমাসের ঝড়ো ৫৮ ও শেষ দিকে কার্লোস ব্র্যাথওয়েটের ১৫ বলে করা ৪১ রান দল এনে দেয় বিশাল সংগ্রহ। ৭ উইকেটে তারা পায় ২০৩ রানের পুঁজি।
দলের জয়ের দিনে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথমবার সুযোগ পেয়ে করেছেন ১৬ রান। তাকে বোল্ড করে সাজঘরে ফেরান সুনিল নারিন। ১০ বলের ইনিংসে ১টি চার ও ১টি ছয় মারেন মাহমুদউল্লাহ।
জবাবে খেলতে নেমে ত্রিনবাগো পেরে ওঠেনি। প্রতিপক্ষের বোলিংয়ে খেই হারিয়ে ৮ উইকেটে করেছে ১৬১ রান। সর্বোচ্চ ৪২ রানে অপরাজিত ছিলেন কেভন কুপার। এছাড়া ৪১ রান করেন ড্যারেন ব্রাভো।
ব্যাটিংয়ের পর বোলিংয়েও কিছু করে দেখাতে পারেননি মাহমুদউল্লাহ। ১ ওভার বল করে ৫ রান দিয়েছেন। তার দলের হয়ে দুটি নেন কার্লোস ব্র্যাথওয়েট, বেন কাটিং ও জেরেমিয়াহ লুইস। ম্যাচসেরা হন ৫৮ রান করা থমাস।