গুরুতর নয় স্টেইনের চোট

ডেল স্টেইন।চোটের কারণে বেশ কয়েক বছর ধরে নিয়মিত নন ডেল স্টেইন। খেলার মাঝে ফিরলেও সবশেষ চোট তাকে আবারও ফেলে দিয়েছিল শঙ্কায়। চোটটা গুরুতর হলে দীর্ঘদিনের জন্য আবার মাঠের বাইরে চলে যেতে পারতেন। গত মঙ্গলবার কুঁচকির চোট নিয়ে এমন সন্দেহ দানা বাঁধলেও টুইট করে তিনি জানালেন, তেমন গুরুতর নয় চোট।

কাউন্টিতে হ্যাম্পশায়ারের হয়ে খেলছেন ৩৫ বছর বয়সী পেসার। গত মঙ্গলবার নটিংহ্যামশায়ারের বিপক্ষে খেলার সময় ১১তম ওভারটি শেষ করতে পারেননি। কুঁচকির চোট নিয়ে মাঠ ছেড়ে যান দ্রুত।

প্রাথমিকভাবে চোট গুরুতর মনে হলেও স্টেইন স্ক্যান শেষে নিজের ফিটনেসের সবশেষ অবস্থা জানান টুইটারে। তিনি জানিয়েছেন, সেখানে এত গুরুত্ব দেওয়ার মতো কিছু হয়নি। ৭ থেকে ১০ দিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। তাই এই সময়ে মাত্র একটি ম্যাচ মিস করবেন প্রোটিয়া তারকা।

দুই বছর ধরে চোটে আক্রান্ত হয়ে মাঠের বাইরেই থাকতে হচ্ছে স্টেইনকে। বার বার এমন চোটের কারণে দক্ষিণ আফ্রিকার সর্বকালের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি হওয়ার রেকর্ডটা নিজের করে নিতে পারছেন না। বর্তমানে শন পোলকের সঙ্গে ৪২১ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন।