কোচ ভেট্টরিকে ছাঁটাই করলো বেঙ্গালুরু

বেঙ্গালুরু অধিনায়কের সঙ্গে ভেট্টরিআইপিএলের গেলো মৌসুমটা ভালো কাটেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। গড়পরতা পারফরম্যান্সের পর সমালোচনার মুখে পড়তে হয়েছে ম্যানেজমেন্টকে। ব্যর্থতার গ্লানি মুছে ফেলতে এবার কোচিং স্টাফদের পুরোপুরি ছাঁটাই করেছে বেঙ্গালুরু! ফলে বিদায় নিতে হচ্ছে হেড কোচ ড্যানিয়েল ভেট্টরি, ফিল্ডিং কোচ ট্রেন্ট উডহিল ও বোলিং কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে।

কিছুদিনের মধ্যেই নাকি নতুন ম্যানেজমেন্ট নিয়োগের কাজটি সেরে ফেলা হবে। একই সঙ্গে গত মৌসুমে বোলিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করা আশিষ নেহরা তার কাজ চালিয়ে যেতে পারবেন। এই অবস্থায় হেড কোচ কে হবেন এ নিয়েও শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা।

ব্যাটিং পরামর্শক হিসেবে থাকা গ্যারি কারস্টনের নামটি প্রাথমিক পছন্দ হিসেবে শোনা যাচ্ছে। আবার ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের নামটিও ভেসে বেড়াচ্ছে। তবে বাঙ্গার যদি এই দলের কোচ হন তাহলে দুই দায়িত্ব পালন নিয়ে বিতর্কের মুখে পড়তে পারেন। সেক্ষেত্রে স্বার্থ সংশ্লিষ্ট সংঘাতের বিষয়টি সামনে চলে আসতে পারে। তবে এক্ষেত্রে অধিনায়ক বিরাট কোহলির পছন্দ প্রভাব ফেলবে হেড কোচের নিয়োগে। -হিন্দুস্তানটাইমস।