রবিবার বিকালে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ১ নম্বর আমলী আদালতে যৌতুক নিরোধ আইনে এই মামলাটি দায়ের করা হয়। আদালত ময়মনসিংহের মহিলা বিষয়ক কর্মকর্তাকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন। ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোজিনা খান এই আদেশ দেন।
অভিযোগে আরও বলা হয়, শারীরিক নির্যাতনে একবার সামিয়ার গর্ভপাতের ঘটনাও ঘটেছে। সর্বশেষ ১০ লাখ টাকা যৌতুক দাবি করে সামিয়ার ওপর নতুন করে নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে মোসাদ্দেকের বিরুদ্ধে।
অভিযোগে বলা হয়, গত ১৫ আগস্ট নিজ বাসায় স্ত্রী সামিয়াকে বাবার বাড়ি থেকে ১০ লাখ টাকা যৌতুক এনে দেওয়ার জন্য স্বামী মোসাদ্দেক ও তার মা পারুল বেগম মারপিট করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা সামিয়াকে উদ্ধার করেন। মামলা দায়ের করার পর সামিয়া ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে জানান, ‘আমি নির্যাতনের সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার চাই।’