মাত্র ২ মিনিটে জুভেন্টাসের হয়ে গোল করেন মারিও মানজুকিচ। জুভেন্টাসের এই এগিয়ে থাকার তৃপ্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩৩ মিনিটে অভিষেকে মাঠে নামা আইভোরিয়ান ফুটবলার গেরভিনহো সমতা ফেরান দলের।
গোল করতে মরিয়া ক্রিস্তিয়ানো রোনালদো এই ম্যাচেও স্কোর শিটে নাম তুলতে ব্যর্থ হয়েছেন। বরাবরের মতো সুযোগ মিলেছিল প্রথমার্ধের আগেই। শক্তি দিয়ে হেড করলেও লক্ষ্যে ছিল না সেই শট। চলে যায় বাইরে।
এ নিয়ে মৌসুমে ২৩বার চেষ্টা করে গোল বিমুখ থাকলেন পর্তুগিজ তারকা! তার বদলে দ্বিতীয়ার্ধে গোল করে জুভেন্টাসের জয়ে ভূমিকা রাখেন ব্লেইজ মাতুইদি। মানজুকিচের ক্রস থেকে জালে বল জড়ান ফরাসি মিডফিল্ডার।
রোনালদোর এই গোলহীনতার ব্যাখ্যা আছে জুভেন্টাস কোচ অ্যালেগ্রির কাছে। তিনি মনে করেন, ‘সিরি আ’তে যেই ভিন্নতা আছে রোনালদোকে সেটা সামাল দিতে হবে। তবে পুরোপুরি ম্যাচে সে কিন্তু খারাপ করেনি। আশা করছি আন্তর্জাতিক বিরতিতে সে আরও ক্ষুরধার হয়ে ফিরবে।’
তিন ম্যাচের তিনটি জিতে শীর্ষে আছে জুভেন্টাস। তাদের সংগ্রহ ৯ পয়েন্ট।